
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘রাজাকাররা বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই আজকের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে নরসিংদীর মনোহরদীর গাংকুলকান্দী ভূইয়া বাজার মাঠ সংলগ্ন মাঠে নব দিগন্ত ক্লাব আয়োজিত মেধা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘একাত্তরে একটি গোষ্ঠী আমাদের মা-বোনদের পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল। সেই রাজাকারদের রাজনৈতিকভাবে বর্জন করতে হবে। নয়তোবা এই বাংলাদেশ থাকবে না।
তাদের এবং পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা দেশটাকে স্বাধীন করেছি।’
নব দিগন্ত ক্লাবের চেয়ারম্যান ও নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাক আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ ও মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন প্রমুখ।
অনুষ্ঠানে ৪০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তির ক্রেস্ট ও নগদ অর্থ তোলে দেন স্বাস্থ্যমন্ত্রী।
বাংলাদেশ সময়: ২৩:১৫:৩৩ ৫ বার পঠিত