
মধ্যপ্রাচ্যে নতুন করে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো নতুন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান।
এর আগে সাম্প্রতিক ওয়াশিংটন সফর শেষে ইরাকি প্রধানমন্ত্রী আলী আল-জাইদি তেহরানে গিয়ে এ প্রস্তাব পৌঁছে দেন।
তবে প্রস্তাবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ প্রশ্নে কোনো সমাধান না থাকায় তা গ্রহণে অনাগ্রহ দেখিয়েছে তেহরান।
মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের বরাতে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের ( এএনআই ) এক প্রতিবেদনে পরিচয় প্রকাশে অনিচ্ছুক ইরানি ও ইরাকি কর্মকর্তারা জানিয়েছেন, হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর আল-জাইদি তেহরানে গিয়ে ট্রাম্পের প্রস্তাবটি ইরানি নেতৃত্বের কাছে তুলে ধরেন।
প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করা না হলেও বর্তমানে এটিই একমাত্র যুদ্ধবিরতির প্রস্তাব বলে জানিয়েছেন ইরানি কর্মকর্তারা। তবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণের মতো মূল বিরোধ নিষ্পত্তি ছাড়া কোনো অস্থায়ী সমঝোতায় আগ্রহী নয় তেহরান।
তেহরান সফরে আল-জাইদি প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া বক্তব্যে আরাঘচি বলেন, ওয়াশিংটন সফরের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ ইরানের সঙ্গে ভাগ করে নেওয়াটা ইরাকি প্রধানমন্ত্রীর জন্য স্বাভাবিক বিষয়।
তিনি বলেন, ‘সমস্যা যুদ্ধবিরতির প্রস্তাব নয়, বরং যুক্তরাষ্ট্রের অযৌক্তিক, আধিপত্যবাদী ও অতিরিক্ত চাপ প্রয়োগের নীতি। ইসলামী প্রজাতন্ত্র ইরান দৃঢ়ভাবে সেই নীতির মোকাবিলা করছে।
এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনার পাশাপাশি রেলপথ, বিমানবন্দর, সেতু ও সমুদ্রবন্দরের মতো বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে। এর জবাবে ইরান পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
সতর্ক করে ইরানের দুই কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি তেহরান ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় আরও হামলা চালায়, তাহলে সংঘাত আরও বিস্তৃত হতে পারে। সে ক্ষেত্রে ইরান তেল আবিবে হামলা জোরদার করার পাশাপাশি ইয়েমেনের মিত্র হুথিদের সহায়তায় লোহিত সাগরের কৌশলগত বাব আল-মান্দাব প্রণালি বন্ধ করার পদক্ষেপও বিবেচনা করতে পারে।
বাংলাদেশ সময়: ১৬:৩৩:৩২ ৫ বার পঠিত