![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে একটি প্রবাসী পরিবারের অনুপস্থিতির সুযোগ নিয়ে বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, ভাঙচুর এবং একের পর এক মূল্যবান গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার বাটিকামারী এলাকার বাসিন্দা নাহিদ হোসেন ইমরানের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ৪ জন আসামিকে গ্রেফতার করে আজ রবিবার (২৬ জুলাই) আদালতে সোপর্দ করেছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- অন্তর মিয়া (২৪), মোঃ নাঈম (২৫), কাওসার আহম্মেদ লোশন (২৫) এবং হৃদয় হোসেন ওরফে বাবু (২৭)।
থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ রাতে আসামিরা ভুক্তভোগী পরিবারের ফাঁকা বাড়ির টিনের চাল খুলে ও জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা আইপিএস, সোলার প্যানেল, ওয়াটার পাম্প, গ্যাস সিলিন্ডার, ফ্রিজের কম্প্রেসারসহ প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার মালামাল চুরি করে এবং ৩০ হাজার টাকার ক্ষতিসাধন করে।
এছাড়াও গত ২০ জুলাই আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ভুক্তভোগী পরিবারের নিজস্ব জমি ও পুকুরপাড় থেকে বিভিন্ন প্রজাতির ৭টি পরিপক্ব মূল্যবান গাছ কেটে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় ৫৩ হাজার টাকা।
ভুক্তভোগী পরিবার চুরির মালামাল ফেরত ও গাছ কাটার প্রতিবাদ করলে আসামিরা উল্টো তাদের খুন-জখম ও লাশ গুম করার প্রকাশ্যে হুমকি দেয়। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছিল।
সরিষাবাড়ী থানা পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর অভিযোগটি আমলে নিয়ে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত ৪ আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৫৪:১১ ১৩৯ বার পঠিত