
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: পারিবারিক কলহ এবং চাহিদামতো মোটরসাইকেল ও বিদেশ যাওয়ার টাকা না পেয়ে জামালপুরের মাদারগঞ্জে রাফিউল ইসলাম রিফাত (২৬) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। ঘাস নিধনের বিষ সেবনের পর দীর্ঘ ২০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে শনিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত রিফাত উপজেলার গুনারীতলা ইউনিয়নের সিংদহ ফকিরবাড়ি এলাকার জহরুল ফকিরের দ্বিতীয় ছেলে। তিনি ২০২১ সালে এইচএসসি পাস করে বাড়িতেই অবস্থান করছিলেন এবং গত বছরের ডিসেম্বরে পারিবারিকভাবে বিয়ে করেছিলেন।
নিহতের পরিবার সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে মোটরসাইকেল কেনা এবং উন্নত রাষ্ট্রে (বিদেশ) যাওয়ার জন্য পরিবারের কাছে ১৫ থেকে ২০ লক্ষ টাকা দাবি করে আসছিলেন রিফাত। পরিবার এত বিশাল অঙ্কের টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি বিভিন্ন সময় আত্মহত্যার হুমকি দিতেন। এরই ধারাবাহিকতায়, গত ১৩ জুলাই দুপুরে সবার অজান্তে তিনি ঘরে থাকা ঘাস মারার বিষাক্ত ওষুধ সেবন করেন।
পরিবারের লোকজন টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে পর্যায়ক্রমে জামালপুর জেনারেল হাসপাতাল এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে (ICU) রাখা হয়।
দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পরও অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায়, শনিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। পরে একটি আইসিইউযুক্ত অ্যাম্বুলেন্সে করে ঢাকা নিয়ে যাওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।
মাদারগঞ্জ থানার ওসি জানান, এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তরুণ এই যুবকের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার এবং পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ সময়: ১১:৩৮:৫৬ ৬ বার পঠিত