![]()
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ফুটবল খেলার সময় ডোবার পানি থেকে বল তুলতে গিয়ে সাখাওয়াত নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২ আগস্ট) বিকালে পৌর এলাকার ধানাটা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাখাওয়াত ওই গ্রামের ভ্যানচালক সুমন মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বৃষ্টির মধ্যেই শিশু সাখাওয়াত তার কয়েকজন বন্ধুর সাথে বাড়ির পাশে একটি খোলা মাঠে ফুটবল খেলছিল। খেলার এক পর্যায়ে ফুটবলটি মাঠের পাশে থাকা একটি গভীর ডোবায় পড়ে যায়। সাখাওয়াত বলটি পানি থেকে তুলতে গেলে অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যায়।
তার সাথে থাকা অন্য শিশুরা আতঙ্কিত হয়ে দৌড়ে সাখাওয়াতের মাকে খবর দেয়। পরে স্থানীয় লোকজন ছুটে এসে ডোবা থেকে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা শহিদ মিয়া জানান,”বৃষ্টির মধ্যে বাড়ির পাশের খোলা মাঠে কয়েকজন শিশু ফুটবল খেলছিল। হুট করেই বলটি ডোবার গর্তে পড়ে যায়। সাখাওয়াত বলটি তুলতে গিয়েই পানিতে পড়ে মারা গেল।”
এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার এবং পুরো ধানাটা গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
বাংলাদেশ সময়: ২৩:১০:০৪ ৪ বার পঠিত