
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বজরদ্দিপাড়া (উদনাপাড়া) এলাকায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে হাজির হয়েছেন পাবনার এক তরুণী। গত কয়েকদিন ধরে চলা এই ঘটনা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী তরুণীর নাম আকলিমা, তিনি পাবনা জেলার বাসিন্দা। অভিযুক্ত প্রেমিক মোয়াজ্জেম হোসেন রনি ওই এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আকলিমার সাথে রনির প্রেমের সম্পর্ক চলছিল। একপর্যায়ে রনি আকলিমাকে বিয়ের কথা বলে নিজ এলাকায় ডেকে আনেন। প্রেমিকের ডাকে সাড়া দিয়ে আকলিমা মেলান্দহের বজরদ্দিপাড়া এলাকায় রনির বাড়িতে এসে পৌঁছান। তবে সেখানে এসে আকলিমা জানতে পারেন, রনি ইতিমধ্যে বিবাহিত এবং তার দুটি সন্তানও রয়েছে। অন্যদিকে, আকলিমা নিজেও একজন ডিভোর্সি এবং তার একটি সন্তান রয়েছে।
এদিকে আকলিমা বাড়িতে আসার পরপরই সুযোগ বুঝে সটকে পড়েন প্রেমিক রনি। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া আকলিমা এখন চরম বিপাকে পড়েছেন। প্রতারণার শিকার আকলিমা তার অধিকার আদায়ের জন্য স্থানীয়দের সহযোগিতা কামনা করছেন।
স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি সমাধানের জন্য চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২৩:১৭:১৭ ২ বার পঠিত