
ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা বৃহস্পতিবার বেলা ১১টায় হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি চৌধুরী নায়াব ইউসুফ।
সভায় উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক কাজী ফারুক আহমেদ, স্বাস্থ্যসেবা অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক এ.এস.এম. আনিছুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ
এহিয়াতুজ্জামান সহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। এ ছাড়া জেলা বিএনপির সদস্য সচিব এ.কে.এম. কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, হাসপাতালের চিকিৎসক, নার্স এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সভায় ফরিদপুর জেনারেল হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ, চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কার্যক্রম আরও গতিশীল করা, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা, ওষুধ সরবরাহ, জরুরি বিভাগের সেবার মান বৃদ্ধি এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, ফরিদপুর জেনারেল হাসপাতালকে একটি আধুনিক, জনবান্ধব ও সেবাকেন্দ্রিক স্বাস্থ্য প্রতিষ্ঠানে পরিণত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য সহজলভ্য, মানসম্মত ও সময়োপযোগী চিকিৎসাসেবা নিশ্চিত করতে আন্তরিকতা, জবাবদিহিতা ও দায়িত্ব শীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ সময়: ২২:৫২:১৪ ২ বার পঠিত