আন্তর্জাতিক মানবিক আইন সম্পর্কে সচেতনতা বাড়ানোর তাগিদ প্রতিরক্ষা উপদেষ্টার

প্রথম পাতা » ছবি গ্যালারী » আন্তর্জাতিক মানবিক আইন সম্পর্কে সচেতনতা বাড়ানোর তাগিদ প্রতিরক্ষা উপদেষ্টার
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬



আন্তর্জাতিক মানবিক আইন সম্পর্কে সচেতনতা বাড়ানোর তাগিদ প্রতিরক্ষা উপদেষ্টার

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বলেছেন, সংঘাতকালীন সময়ে মানবজীবনের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানবিক আইন সম্পর্কে সচেতনতা, প্রশিক্ষণ ও এর যথাযথ প্রয়োগ আরও জোরদার করা প্রয়োজন।

আজ আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান নিকোলাস পল আলবিন ফ্লুরির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

আন্তঃবাহিনী জনসংযোগে পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে আন্তর্জাতিক মানবিক আইন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এর গুরুত্ব, প্রয়োগ, প্রশিক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সংঘাতের সময় সাধারণ মানুষ, নারী, শিশু, আহত ও অসুস্থ ব্যক্তি, চিকিৎসাকর্মী, মানবিক সহায়তাকর্মী এবং সাংবাদিকদের সুরক্ষার বিষয়টি গুরুত্ব পায়।

আলোচনায় বলা হয়, আন্তর্জাতিক মানবিক আইনের মূল উদ্দেশ্য হলো সংঘাতের মধ্যেও মানুষের জীবন, মর্যাদা ও মানবিক মূল্যবোধ রক্ষা করা এবং অপ্রয়োজনীয় ক্ষয়ক্ষতি কমিয়ে আনা।

প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, ‘মানবজীবনের মূল্য সর্বাগ্রে’ এবং এ বিষয়ে সচেতনতা শুধু সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া প্রয়োজন।

বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের প্রেক্ষাপটেও আন্তর্জাতিক মানবিক আইনের গুরুত্ব তুলে ধরা হয়। সামরিক শিক্ষা ও প্রশিক্ষণে বাস্তবভিত্তিক পাঠ, কেস স্টাডি, সেমিনার এবং প্রশিক্ষক উন্নয়ন কার্যক্রম আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সাংবাদিক ও গণমাধ্যমের ভূমিকার বিষয়টিও আলোচনায় বিশেষভাবে উঠে আসে। দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে আন্তর্জাতিক মানবিক আইনের উদ্দেশ্য ও মানবিক মূল্যবোধ সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরা সম্ভব বলে মত প্রকাশ করা হয়। একই সঙ্গে তরুণ ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে শিক্ষা, গণমাধ্যম ও জনসম্পৃক্ত কার্যক্রম বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এছাড়া আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন ও সাইবার কার্যক্রমের ক্ষেত্রে মানবিক ও আইনগত বিষয় যথাযথভাবে বিবেচনায় রাখার ওপরও গুরুত্ব আরোপ করা হয়।

উভয় পক্ষ আন্তর্জাতিক মানবিক আইন বিষয়ে প্রশিক্ষণ, গবেষণা, অভিজ্ঞতা বিনিময় এবং জনসচেতনতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১৬:২৭:৪০   ৪৬ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ