জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি পদক্ষেপের সুপারিশ সিপিডির

প্রথম পাতা » ছবি গ্যালারী » জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি পদক্ষেপের সুপারিশ সিপিডির
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬



জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি পদক্ষেপের সুপারিশ সিপিডির

দেশে ক্রমবর্ধমান জ্বালানি সংকট মোকাবিলায় তাৎক্ষণিক, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি সমন্বিত পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি বলছে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, দেশীয় গ্যাস অনুসন্ধান ত্বরান্বিত করা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো ছাড়া টেকসই সমাধান সম্ভব নয়।

আজ বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত ‘বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলা: তাৎক্ষণিক অগ্রাধিকার ও টেকসই জ্বালানি ভবিষ্যতের পথরেখা’ শীর্ষক এক আলোচনা সভায় এ সুপারিশ তুলে ধরা হয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী ফকরুদ্দিন আল কবির। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে আন্তর্জাতিক বাজারের মূল্য ওঠানামার ঝুঁকি কমাতে এলএনজি সংগ্রহ প্রক্রিয়ার উন্নয়ন, জ্বালানি সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করতে মূল্য পদ্ধতি চালু ও নিয়ন্ত্রক সংস্থার সংস্কার, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ এবং জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ-সংক্রান্ত বিদ্যমান নীতিমালা পুনর্মূল্যায়নের সুপারিশ করেছে সিপিডি।

মধ্যমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এলএনজি টার্মিনাল ও সংরক্ষণ সুবিধা সম্প্রসারণ, লক্ষ্যভিত্তিক বিনিয়োগের মাধ্যমে সঞ্চালন ও বিতরণব্যবস্থা শক্তিশালী করা, জ্বালানির উৎস বহুমুখীকরণে সময়সীমা-ভিত্তিক নীতি গ্রহণ এবং কার্যকর নীতিগত কাঠামোর মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণের পরামর্শ দেওয়া হয়েছে।

দীর্ঘমেয়াদে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার, ভবিষ্যতের সরবরাহ-সংকট মোকাবিলায় কৌশলগত জ্বালানি মজুত গড়ে তোলা এবং দেশীয় গ্যাস অনুসন্ধানকে জাতীয় জরুরি কর্মসূচি হিসেবে বিবেচনার আহ্বান জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি।

আলোচনা সভায় উপস্থাপিত প্রবন্ধে বলা হয়, বাংলাদেশের জ্বালানি সংকট শুধু তাৎক্ষণিক নয়, এটি একটি কাঠামোগত সংকটও। দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়ানো, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, সঞ্চালন ও বিতরণ অবকাঠামোর উন্নয়ন এবং আমদানি-নির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর বিকল্প নেই।

প্রবন্ধে উল্লেখ করা হয়, ২০২৪-২৫ অর্থবছরে দেশের মোট গ্যাস ব্যবহারের ২৮ দশমিক ৮২ শতাংশের জোগান এসেছে আমদানি করা এলএনজি থেকে। অন্যদিকে, দেশীয় গ্যাস উৎপাদন ধারাবাহিকভাবে কমছে।

বর্তমানে দেশে প্রতিদিন প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের কাঠামোগত ঘাটতি রয়েছে বলে জানানো হয়।

সিপিডি বলছে, দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ৮৪ শতাংশের বেশি এখনো প্রাকৃতিক গ্যাস, কয়লা ও ফার্নেস অয়েলের মতো জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল। বিপরীতে নবায়নযোগ্য জ্বালানি ও জলবিদ্যুতের অবদান এখনো খুবই সীমিত।

উপস্থাপিত প্রবন্ধে সতর্ক করে বলা হয়, বর্তমান হারে গ্যাস ব্যবহার অব্যাহত থাকলে ২০৩১ সালের মধ্যে দেশের অবশিষ্ট গ্যাসের মজুত প্রায় শেষ হয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয় এবং নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বর্তমান গ্যাস সংকটের প্রধান কারণ হিসেবে অনুসন্ধানে ব্যর্থতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা, চাহিদা ও সরবরাহের ক্রমবর্ধমান ভারসাম্যহীনতা এবং আমদানি করা এলএনজির ওপর বাড়তে থাকা নির্ভরতার কথা উল্লেখ করা হয়েছে।

সিপিডির মতে, গ্যাসের ঘাটতির প্রভাব ইতোমধ্যে শিল্প উৎপাদন, গৃহস্থালি পর্যায়ে জ্বালানি ব্যয় এবং পরিবহন খাতে পড়তে শুরু করেছে। বিশেষ করে তৈরি পোশাক ও সার কারখানাসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান উৎপাদন কমাতে বা সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হচ্ছে।

আলোচনা সভায় জ্বালানি বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা, শিক্ষাবিদ এবং সংশ্লিষ্ট বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬:২৯:১৫   ৫৪ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ