চা-চাষ লালমনিরহাটে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে: ত্রাণমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » চা-চাষ লালমনিরহাটে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে: ত্রাণমন্ত্রী
শনিবার, ১৫ আগস্ট ২০২৬



চা-চাষ লালমনিরহাটে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, চা-চাষ লালমনিরহাটের অর্থনীতি ও কৃষিতে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে।

তিনি, বলেন, পরিকল্পিত চাষাবাদ, আধুনিক পরিচর্যা, প্রক্রিয়াজাতকরণ ও সুষ্ঠু বিপণন নিশ্চিত করা গেলে এ অঞ্চলের চা-শিল্প কর্মসংস্থান সৃষ্টি, কৃষকের আয় বৃদ্ধি এবং সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে সুদূরপ্রসারী ভূমিকা রাখতে পারে।

আজ শনিবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব বিছনদই (ডাউয়াবাড়ী) এলাকায় জেলার প্রথম প্রতিষ্ঠিত ‘সোমা চা-বাগান’ পরিদর্শন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, লালমনিরহাটের মাটি, ভূ-প্রকৃতি ও আবহাওয়া চা-চাষের জন্য অত্যন্ত উপযোগী। ইতোমধ্যে পার্শ্ববর্তী পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বিস্তীর্ণ সমভূমিতে চা-চাষের ব্যাপক প্রসার ঘটেছে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে লালমনিরহাটেও চা-শিল্পকে একটি শক্তিশালী ও লাভজনক কৃষিভিত্তিক শিল্পে পরিণত করা সম্ভব।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, চা-বাগানের উদ্যোক্তা শাহান আরা বেগম সোমা, ফেরদৌস আলমসহ স্থানীয় অন্যরা বক্তব্য দেন।

মন্ত্রী চা-শিল্পের বিকাশে সরকারের পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, চা শুধু একটি কৃষিপণ্য নয়—এটি গ্রামীণ অর্থনীতির গতিশীলতা বাড়ানোর পাশাপাশি নতুন উদ্যোক্তা সৃষ্টি ও স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের বড় ক্ষেত্র হতে পারে। এ শিল্পের সঙ্গে কৃষক, শ্রমিক, উদ্যোক্তা, পরিবহন ও বিপণনসহ বহু মানুষ সম্পৃক্ত হওয়ার সুযোগ রয়েছে।

উল্লেখ্য, রংপুর বিভাগের পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের পাশাপাশি সাম্প্রতিক সময়ে চা-শিল্পে সম্ভাবনাময় জেলা হিসেবে এগিয়ে আসছে লালমনিরহাট। জেলার পাঁচটি উপজেলায় বর্তমানে প্রায় ২০০ একর জমিতে চা-বাগান গড়ে উঠেছে। এসব বাগানে প্রতিবছর প্রায় ১ হাজার ৪০০ টন চা পাতা উৎপাদিত হচ্ছে।

স্থানীয়ভাবে উৎপাদিত চা পাতার প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও স্থানীয় চা-বাগান মালিকদের যৌথ উদ্যোগে ‘সোমা অ্যান্ড সোমা টি প্রসেসিং লিমিটেড’ নামে একটি চা প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এর ফলে স্থানীয় পর্যায়ে উৎপাদিত চা পাতার মূল্য সংযোজন ও বাজারজাতকরণের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩০:২২   ৭৬ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ