সবার সহযোগিতায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে : চিফ হুইপ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সবার সহযোগিতায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে : চিফ হুইপ
শনিবার, ১৫ আগস্ট ২০২৬



সবার সহযোগিতায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে : চিফ হুইপ

জনগণের সরকার সবার সহযোগিতায় দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

তিনি বলেন, বিগত সরকারের সময় দেশের ৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেওয়া হয়েছিল। স্বৈরাচারী সরকারের এমন আত্মঘাতী সিদ্ধান্ত ও জ্বালানি অব্যবস্থাপনার কারণেই বর্তমানে দেশে গ্যাস সংকট দেখা দিয়েছে।

চিফ হুইপ বলেন, গত সাড়ে পাঁচ মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় বর্তমান সরকার দেশের মানুষের দুর্ভোগ ও হাহাকার পূর্বের তুলনায় কমিয়ে এনেছে। সরকার সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সংকট মোকাবিলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আজ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ এ সব কথা বলেন।

চিফ হুইপ বলেন, অতীতেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বিভিন্ন সংকট কাটিয়ে দেশকে স্থিতিশীল অবস্থায় এনেছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলের কথা স্মরণ করে তিনি বলেন, দেশ যখন দুর্ভিক্ষপীড়িত ছিল, তখন তিনি দায়িত্ব গ্রহণ করে মাত্র তিন বছরের মধ্যে দেশকে খাদ্য রপ্তানিকারক দেশে পরিণত করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারও ভঙ্গুর অর্থনীতির দেশকে শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করাতে সক্ষম হবে। তবে এ জন্য দেশকে সঠিকভাবে পরিচালনায় সবার সহযোগিতা প্রয়োজন।

চিফ হুইপ বলেন, বিগত শাসনামলে দেশ থেকে প্রায় ৩০ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। পাচারকৃত এই বিপুল অর্থ দিয়ে দেশের বেশ কয়েকটি জাতীয় বাজেট দেওয়া সম্ভব ছিল। দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করার যে প্রক্রিয়া চলেছে, তা থেকে দেশকে বের করে আনতে জাতীয় ঐক্য প্রয়োজন।

তিনি বলেন, স্বৈরাচার শুধু মানুষের বাক্স্বাধীনতা কেড়ে নেয়নি, মানুষের আশা ও স্বপ্নকেও ধ্বংস করে দিয়েছে। মানুষের মনে ভবিষ্যৎ নিয়ে যে প্রত্যাশা এবং একটি সুন্দর আগামীর যে স্বপ্ন ছিল, তা সুপরিকল্পিতভাবে নষ্ট করে দেওয়া হয়েছিল।

নূরুল ইসলাম বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও আমরা গণতন্ত্রকে এখনো সঠিক প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি। গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক করতে হলে জনগণের খাবারের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রসঙ্গে চিফ হুইপ বলেন, জুলাইয়ের শহীদদের পরিবারের জন্য সরকার সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করবে। একই সঙ্গে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা এবং তাঁদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অভিনেতা বাবুল আহমেদসহ দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১০:৪১   ৫৪ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ