![]()
সদরপুর ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা বাজার কেন্দ্রীয় কালী মন্দির থেকে চুরি যাওয়া রাধাকৃষ্ণ ও গোপালের পিতলের দুটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজন যুবককে আটক করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে নগরকান্দা থানা পুলিশের একটি দল উপজেলার জঙ্গুরদী গ্রামে অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধারসহ তাদের আটক করে।
আটকরা হলেন—নগরকান্দা উপজেলার জঙ্গুরদী গ্রামের পূর্বপাড়ার রিপন শেখের ছেলে সিহাব (২৫), মনির খানের ছেলে আবির আহম্মেদ (২৩) এবং কোদালিয়া শহিদনগর ইউনিয়নের ছাগলদি গ্রামের মোস্তফা কামালের ছেলে মহাসিন (২৪),শশা গ্রামের আবু সাঈদ তালুকদারের ছেলে রুমান তালুকদার (২৩)।
পুলিশ জানায়, ভাঙ্গারি ব্যবসায়ী জঙ্গুরদী গ্রামের মৃত ইদু শেখের ছেলে মস্তদা শেখের একটি পরিত্যক্ত রান্নাঘর থেকে চুরি যাওয়া মূর্তি দুটি উদ্ধার করা হয়।
এর আগে গত ১৬ আগস্ট রাতে নগরকান্দা বাজার কেন্দ্রীয় কালী মন্দির থেকে রাধাকৃষ্ণ ও গোপালের পিতলের দুটি মূর্তি চুরি হয়। ঘটনার পর মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হলে মূর্তি উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ।
নগরকান্দা থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ ও থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে মূর্তি দুটি উদ্ধার এবং দুইজনকে আটক করে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৪৯:০১ ২০ বার পঠিত