শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী

প্রথম পাতা » খুলনা » শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬



শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী

বর্তমানে বাজেটের ৩ দশমিক ৪ শতাংশ শিক্ষায় বরাদ্দ রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রী এই বরাদ্দ ৫ শতাংশে নিতে চান। একই সঙ্গে ভবিষ্যতের শ্রমবাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স ও বৈদ্যুতিক যানবাহন (ইভি) প্রযুক্তির মতো আধুনিক বিষয় যুক্ত করার তাগিদ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষায় বিনিয়োগ শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। একজন শিক্ষার্থীর পেছনে সরকারের ব্যয় প্রায় ১০ লাখ ৭৫ হাজার টাকা। এই বিপুল বিনিয়োগের সুফল শিক্ষার্থী ও রাষ্ট্র কতটা পাচ্ছে, সেটিও পরিমাপ করতে হবে।
শিক্ষা শেষে শিক্ষার্থীরা কোথায় চাকরি করছেন, তাদের কর্মজীবনের অবস্থান কী-অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে এসব তথ্য সংরক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন।

শিক্ষক নিয়োগের দীর্ঘসূত্রতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তার দেওয়া তথ্য অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়ে প্রায় সাড়ে চার হাজার শিক্ষক নিয়োগের বিষয় জটিলতায় আটকে আছে। দ্রুত এসব জটিলতা নিরসন করে নিয়োগ প্রক্রিয়া শেষ করার বিষয়ে আলোচনা চলছে বলে জানান তিনি।

প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে এহসানুল হক মিলন বলেন, বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার দ্রুত বাড়ছে। ফলে মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি ইভি-সংশ্লিষ্ট কোর্স চালু করা জরুরি। বিশ্ববিদ্যালয়গুলোতে এআই ও রোবোটিক্সের মতো আধুনিক বিষয়ও চালু করতে হবে। কুয়েটে এআই কোর্স চালুর আবেদন দুই বছর ধরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) আটকে থাকার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার প্রবণতা নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী।
তার মতে, একই ধরনের একাধিক বিভাগ চালুর আগে এর প্রয়োজনীয়তা, কর্মসংস্থানের সুযোগ, ল্যাব সুবিধা এবং দেশে সংশ্লিষ্ট বিশেষায়িত প্রতিষ্ঠানের সক্ষমতা বিবেচনা করা দরকার। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট কিংবা আর্কিটেকচারের পাশাপাশি আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং- এ ধরনের বিভাগ খোলার যৌক্তিকতাও পর্যালোচনা করা প্রয়োজন।

শিক্ষার্থীদের উৎসাহিত করতে জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে এক হাজার টাকা করে দেওয়ার উদ্যোগের কথাও জানান শিক্ষামন্ত্রী। মাধ্যমিক পর্যায়ে মেয়েদের শিক্ষায় উৎসাহ বাড়াতে সাইকেল দেওয়ার পরিকল্পনার কথাও বলেন তিনি।

আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবদান যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয়ে বিদেশে উচ্চশিক্ষা ও কর্মজীবনে সফল হওয়া শিক্ষার্থীদের অর্জনের কৃতিত্বের অংশ দেশের বিশ্ববিদ্যালয়গুলোরও পাওয়া উচিত। তার মতে, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে শুধু অবকাঠামো নয়- মেধা, গবেষণা, আধুনিক প্রযুক্তি ও কর্মসংস্থানকে সমান গুরুত্ব দিতে হবে।

এর আগে ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে চারটি বিআইটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রসঙ্গ তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কারণেই ওই উদ্যোগ নেওয়া হয়েছিল।

এ সময় বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। এতে সভাপতিত্ব করেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।

দিবস উদযাপন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের আইডিএম’র পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ শাহজাহান আলী।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:০৬   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী
সুন্দরবন মহিলা কলেজের আইসিটি ল্যাবের উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
ক্রীড়ার মাধ্যমে তরুণদের অপরাধ মুক্ত রাখতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী
নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন
বাগেরহাটে আর্থিক সহায়তা পেলেন ১৩জন অসচ্ছল ব্যক্তি
যশোরে চিকিৎসকের ক্রেডিট কার্ড জালিয়াতি, চক্রের দুই সদস্য আটক
ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
খুলনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ভেলু গ্রেপ্তার
জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ