
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের জিমখানা ও ঋষিপাড়া এলাকায় জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। একই সময়ে জেলার সাতটি থানায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১০৩ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) রাতে নগরীর ঋষিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান শেষে এসব তথ্য জানান পুলিশ সুপার হাবিবুর রহমান।
তিনি বলেন, নারায়ণগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
পুলিশ সুপার বলেন, গতকালও অভিযান পরিচালনা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার জেলার সাতটি থানায় একযোগে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন অপরাধে ১০৩ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা পেলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো রাখা সম্ভব হবে।
পুলিশের তথ্যমতে, সদর মডেল থানায় ২২ জন, ফতুল্লায় ৩১, সোনারগাঁয়ে ৫, সিদ্ধিরগঞ্জে ১৪, বন্দরে ১১, আড়াইহাজারে ৫ এবং রূপগঞ্জে ১৮ জনকে আটক করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা
বাংলাদেশ সময়: ২৩:৫৮:৩২ ৪ বার পঠিত