মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

মায়ের ভরণপোষণ না দিয়ে মারধর, প্রতিবাদ করায় চাচাকে পিটাল ভাতিজা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মায়ের ভরণপোষণ না দিয়ে মারধর, প্রতিবাদ করায় চাচাকে পিটাল ভাতিজা
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬



মায়ের ভরণপোষণ না দিয়ে মারধর, প্রতিবাদ করায় চাচাকে পিটাল ভাতিজা

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে জমি লিখে নিয়ে বৃদ্ধা মায়ের ভরণপোষণ না দিয়ে উল্টো মারধর এবং এর প্রতিবাদ করায় ছোট চাচাকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে মাদকাসক্ত নাতি, ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে। উপজেলার ডোয়াইল নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

​এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধা খোদেজা বেগম (৭০) বাদী হয়ে ছেলে মোঃ খলিল মিয়া, নাতি সাগর মিয়া ও ছেলের বউ রেহানা বেগমকে অভিযুক্ত করে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে পুরো পরিবার।

​অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩০ আগস্ট রোববার দুপুরে বৃদ্ধা খোদেজা বেগম তাঁর জমিজমা ছেলেদের মধ্যে বণ্টন করে দেওয়ার পর বড় ছেলে খলিল ও তাঁর পরিবারের দেখভাল করার কথা ছিল। কিন্তু ভরণপোষণ না দেওয়ায় বৃদ্ধা আলাদাভাবে জীবিকা নির্বাহ করছিলেন এবং ছোট ছেলে আঃ জলিল (৪০) তাঁর দেখাশোনা করতেন। এতে ক্ষুব্ধ হয়ে মাদকাসক্ত নাতি সাগর প্রায়ই দা নিয়ে দাদী ও চাচার পরিবারকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিতেন।

​এরই ধারাবাহিকতায় গত রোববার দুপুরে বিবাদীরা বাড়ির পাশের মাঠে গালিগালাজ শুরু করলে খোদেজা বেগম প্রতিবাদ জানান। তখন নাতি সাগর বটি দা নিয়ে দাদীকে মারতে ধাওয়া করে। মাকে বাঁচাতে ছোট ছেলে আঃ জলিল এগিয়ে এলে সাগর বটি দিয়ে তাঁর মাথায় কোপ দেয়, এতে তিনি রক্তাত্ব জখম হন। একই সময় সাগরের মা রেহানা বেগম শাশুড়ি খোদেজা বেগমের চোখে ঘুষি মেরে মারাত্মক জখম করেন।

​পরে স্থানীয়রা এগিয়ে এলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে কেটে পড়ে। প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে বৃদ্ধা মাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং আঃ জলিলকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

​ভুক্তভোগী খোদেজা বেগম জানান, স্থানীয়ভাবে সালিশ-বিচারে ব্যর্থ হয়ে বিচার পেতে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

​সরিষাবাড়ী থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪:৫৯:১১   ৬ বার পঠিত