
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। উপজেলার মালিপাড়া গ্রামে সংঘটিত এ ঘটনায় ভুক্তভোগী নাজমুল হাসান (৩০) বাদী হয়ে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মালিপাড়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে নাজমুল হাসানদের সাথে পৈত্রিক ও স্বত্ব দখলীয় জমি নিয়ে স্থানীয় আবুবকর সিদ্দিক ও আনোয়ার হোসেন গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিবাদী পক্ষ অন্যায্যভাবে জমি দখলের চেষ্টা চালালে নাজমুল হাসান বাদী হয়ে সরিষাবাড়ী বিজ্ঞ সিভিল জজ আদালতে একটি স্বত্ব ঘোষণা মোকদ্দমা (নং- ১২৫/২০২৬) দায়ের করেন। আদালত মামলাটি বিচারাধীন রেখে বিরোধপূর্ণ ভূমিতে বিবাদী পক্ষের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, আদালতের আদেশ অমান্য করে গত সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে বিবাদীরা রামদা, লোহার রড, শাবল ও ফালাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক বিতর্কিত জমিতে ধানের চারা রোপণ করতে যায়। খবর পেয়ে নাজমুল হাসান ও স্থানীয় বাসিন্দারা বাধা দিলে বিবাদীরা তাদের ওপর হামলার চেষ্টা চালায়। পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা মামলা তুলে নেওয়ার জন্য খুন-জখম ও লাশ গুমের হুমকি দিয়ে চলে যায়।
ঘটনার বিষয়ে মামলার বাদী নাজমুল হাসান বলেন, “বিবাদীরা অত্যন্ত দাঙ্গা-হাঙ্গামাবাজ ও পরধনলোভী। আদালতের নির্দেশ অমান্য করে তারা আমাদের পৈত্রিক জমি দখলের অপচেষ্টা করছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা এর সুষ্ঠু বিচার ও আইনশৃঙ্খলা বাহিনীর আইনি সহায়তা চাই।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় সাক্ষী আঃ জলিল ও খলিলুর রহমান বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিবাদী পক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আনোয়ার হোসেন বলেন, “আমি আবুবকর সিদ্দিকের কাছ থেকে সাব-কবলা মূলে জমি কিনে দলিল ও খারিজ সম্পন্ন করে ভোগদখল করছি। কারো জমি জোরপূর্বক দখল করতে যাইনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আমি এর তীব্র নিন্দা ও সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে সরিষাবাড়ী থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণসহ বিজ্ঞ আদালতে প্রয়োজনীয় প্রতিবেদন প্রেরণের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ২৩:০১:২৭ ১ বার পঠিত