
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতঘরে অগ্নিসংযোগ, টিন খুলে নেওয়া এবং জমি দখলসহ মালামাল লুটের ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সরিষাবাড়ী পৌরসভার বাউসী চন্দনপুর খাঁনবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পলাশ মাহমুদ খানের দাবি, শহিদুর রহমানের নেতৃত্বে একদল লোক তাঁকে জিম্মি করে তিনটি বসতঘর ও একটি রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে দুর্বৃত্তরা ঘরের ঢেউটিনসহ মালামাল লুট করে এবং দুটি পল্লী বিদ্যুতের মিটারও খুলে নিয়ে যায়। এই ঘটনায় প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ তাঁর। একই সঙ্গে বাঙালি মৌজায় তাঁর পৈতৃক ও ক্রয়কৃত ৬০ শতাংশ(২ বিঘা) জমি অবৈধভাবে দখলের অভিযোগও তোলেন তিনি। পলাশের অভিযোগ, তাঁকে হয়রানি করতে এই ঘটনার পর উল্টো তাঁর বিরুদ্ধেই মামলা করার পাঁচতারা চলছে।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে শহিদুর রহমান জানান, তিনি কারও জমি দখল করেননি; আদালতের রায়ের ভিত্তিতেই নিজ জমি বুঝে নিয়েছেন।
ঘটনার খবর পেয়ে সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ২২:৫৮:২০ ১ বার পঠিত