
নারায়ণগঞ্জ প্রতিনিধি: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জনসচেতনতা সৃষ্টির মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হয়েছে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬’। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা ও উপজেলার সকল প্রশাসনিক এলাকায় একযোগে এই বিশেষ কর্মসূচি শুরু হয়।
সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে তিন মাসব্যাপী এই দেশব্যাপী অভিযানের শুভ উদ্বোধন করেন। নারায়ণগঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং সুধীসমাজের প্রতিনিধিরা সরাসরি সংযুক্ত ছিলেন।
উদ্বোধনী পর্ব শেষে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা, সরকারি-বেসরকারি অফিস-আদালত ও জনাকীর্ণ এলাকায় একযোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ শহরের অন্যতম প্রধান রুট চাষাড়া থেকে লিংক রোড পর্যন্ত পুরো এলাকা বিশেষভাবে পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিচ্ছন্নতা অভিযান চলাকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি পদক্ষেপই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সচেতনতা।” নিজস্ব আঙিনা ও আশপাশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে একটি ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তুলতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল সর্বসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৬:২৬:২৬ ৪ বার পঠিত