
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের অভিযোগে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) বেলা আনুমানিক ১১টা ৪৫ মিনিটে সদরপুর উপজেলার পূর্বশ্যামপুর এলাকায় থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মো. জহুরুল হক ফকির (৬০), পিতা—মৃত মনির ইদ্দন ফকির, সাং পশ্চিম শ্যামপুর; মো. করিম (৪৬), পিতা—মৃত মো. বাদশা মিয়া, সাং পশ্চিম শ্যামপুর; মো. ফিরোজ খলিফা (৪২), পিতা—মৃত বদরউদ্দিন খলিফা, সাং পূর্বশ্যামপুর এবং মো. ইমরান সরদার (২৯), পিতা—মৃত মো. হালিম সরদার, সাং সাড়েসাতরশি, সদরপুর, ফরিদপুর।
পরে আটক চারজনকে সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. পলাশ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড ও ২৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৭:৪১:৫৭ ১ বার পঠিত