
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা উন্নয়ন তহবিলের অর্থায়নে কৃষকদের মধ্যে কৃষি সামগ্রী বিতরণ এবং ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষকদের সেচ সহায়তায় ফিতা পাইপসহ এলএলপি (LLP) সেট বিতরণ করা হয়। একই সঙ্গে পরিবেশ সুরক্ষায় উপজেলাজুড়ে বৃক্ষরোপণ কার্যক্রমের সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা। তিনি বলেন, আধুনিক কৃষি সরঞ্জামের সঠিক ব্যবহারে কৃষি উৎপাদন বৃদ্ধিতে গতি আসবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ ও টেকসই সরিষাবাড়ী গড়ে তুলতে এ বৃক্ষরোপণ কর্মসূচি বিশেষ ভূমিকা রাখবে।
এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম রাব্বানী লেকু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল মজিদসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা এবং আগত সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩:২৬:৫৪ ৪ বার পঠিত