![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ ভাটারা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলমকে (৪২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ডিবি পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ডিবি পুলিশের এসআই আতিকুর রহমানের নেতৃত্বে একটি দল ভাটারা পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাড়ির উঠান থেকে ইয়াবাসহ শাহ আলমকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। ডিবির দাবি, তিনি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সেবন ও কারবারের সাথে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে ভাটারা ইউনিয়ন যুবদলের সভাপতি আনিছুর রহমান জানান, অপকর্মের দায়ভার দল নেবে না। তাকে দল থেকে বহিষ্কারের জন্য উপজেলা যুবদলের কাছে আবেদন পাঠানো হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে পুলিশি পাহারায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ২১:১৮:৩৫ ৬ বার পঠিত