
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বিরোধপূর্ণ জমির গাছ কাটা বাধা দেওয়ায় আয়শা খাতুন (১৪) নামের এক স্কুলছাত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার(২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত আয়শা হরখালী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী এবং মাজালিয়া গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মাজালিয়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে আব্দুল হাইয়ের সাথে একই বাড়ির সোয়েল মিয়া, সনি মিয়া, রুবিয়া বেগম ও মজিবর রহমান লেবুর স্ত্রী জেসমিনের জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে একটি মামলাও চলমান রয়েছে (মামলা নং- ২০৭/২০২৬)।
মামলা চলমান থাকা সত্ত্বেও গত রবিবার দুপুরে মজিবর রহমান লেবুর মেয়ে লিয়া প্রতিবেশী আব্দুল হাইয়ের জমিতে থাকা একটি বরই গাছ কাটতে যায়। বিষয়টিতে বাধা দিয়ে আব্দুল হাইয়ের পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেয়। খবর পেয়ে সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) চান মিয়া ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেন।
এরই জেরে সোমবার সকালে আয়শা খাতুন বাড়ি থেকে বের হলে মজিবরের স্ত্রী জেসমিন, মেয়ে লিয়া, ছেলে সনি ও তার স্ত্রী জরিনা মিলে তার ওপর হামলা চালায় এবং বেধড়ক মারধর করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার ঘটনাটিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, “ঘটনাটি সম্পর্কে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বাংলাদেশ সময়: ২২:০৭:৫৬ ২৪ বার পঠিত