
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে আব্দুল আলিম নামে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে রাস্তা নির্মাণের জন্য জমিতে দেয়াল নির্মাণ, মাটি কাটা এবং বাধা দেওয়ায় রাসেল (৩২) নামের এক যুবককে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার তাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ (২৬ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী রাসেল মিয়া বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত আব্দুল আলিম (৪৫) তাড়িয়াপাড়া গ্রামের মৃত আফছার আলীর ছেলে এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, তাড়িয়াপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে রাসেল তাঁর পৈতৃক ও ক্রয়সূত্রে পাওয়া জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। সেই জমিতে একই এলাকার আমেরিকান প্রবাসী বাবুর যাতায়াতের রাস্তা না থাকায় সাবেক ছাত্রদল নেতা আব্দুল আলীম ও তাঁর সহযোগীরা জোরপূর্বক ওই জমিতে রাস্তা নির্মাণের উদ্দেশ্যে দেয়াল তৈরি ও মাটি ভরাটের উদ্যোগ নেন। খবর পেয়ে রাসেল স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান এবং বাঁধা প্রদান করেন। এছাড়াও বিষয়টি শান্তভাবে মীমাংসার অনুরোধ জানান।
কিন্তু বিবাদীরা তার কোন কথা না শুনেই এসময় উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। ভুক্তভোগী রাসেল প্রতিবাদ করলে আব্দুল আলীম ও তাঁর সঙ্গীরা তাঁর ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে মারধর করেন। উপস্থিত লোকজনের বাধায় রাসেল রক্ষা পেলেও পরবর্তীতে বাধা দিলে তাঁকে হত্যা করে লাশ ওই জমিতেই পুতে রাখার হুমকি দেয় বিবাদীরা।
ভুক্তভোগী রাসেল মিয়া বলেন, “আমার জায়গা দিয়ে ছাত্রদল নেতা আব্দুল আলিম দলের প্রভাব খাটিয়ে জোরপূর্বক রাস্তা নিচ্ছেন। প্রতিবাদ করায় আমাকে মারধর করা হয়েছে এবং চাচা আব্দুস ছাত্তার কে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি এবং প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।”
আব্দুস ছাত্তার জানান,আমার সহোদর ভাই আলতাফ হোসেন মৃত্যু পথযাত্রী। ভাতিজার সংবাদে এসে প্রতিবাদ করায় আব্দুল আলিম আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। আমি এর বিচার চাই।
তবে অভিযোগ অস্বীকার করে সাবেক ছাত্রদল নেতা আব্দুল আলীম বলেন, “এখানে জোরপূর্বক কিছু করা হয়নি। মিশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই রাস্তা তৈরির জন্য দেয়াল নির্মাণ করা হয়েছে। কারো অভিযোগ থাকলে তা সমাধান করেই রাস্তা করা হবে।”
প্রবাসী বাবু জানান, আমাদের যাতায়াতের কোন রাস্তা নেই। তাই মিশন এবং স্থানীয়দের সাথে কথা বলে রাস্তা নির্মাণ করতে চেয়ে ছিলাম। যেহেতু একজনের অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে বিষয়টি মীমাংসা না করে রাস্তা নির্মাণ করা ঠিক হবে না। আমরা বিবাদ চাই না, শান্তি চাই।
এদিকে মিশন প্রকল্পের উপদেষ্টা পাস্টর খোকন রায় জানান, মিশনের জায়গা দিয়ে যে রাস্তা তৈরি করা হচ্ছে, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা অবগত ছিলেন না। দেয়াল তোলার বিষয়টি তাঁদের জানানো হয়েছে, তারা এসে সিদ্ধান্ত নেবেন।
এছাড়া সরিষাবাড়ী শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক সঞ্জিত বিশ্বাস জানান, যেহেতু পার্শ্ববর্তী জমির মালিকের অভিযোগ রয়েছে, তাই সীমানা নির্ধারণ করেই রাস্তা নির্মাণ করা উচিত।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৮:৩৮:০৭ ৩৫ বার পঠিত