অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, দল-মত নির্বিশেষে পদক্ষেপ নেওয়া হচ্ছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, দল-মত নির্বিশেষে পদক্ষেপ নেওয়া হচ্ছে
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬



অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, দল-মত নির্বিশেষে পদক্ষেপ নেওয়া হচ্ছে

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রবিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে সম্মেলনকক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, অপরাধীদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। অপরাধী সে অপরাধীই।

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ও চাঁদা দাবির বিতর্ক নিয়ে মন্ত্রী জানান, ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকায় একটি বিতর্কিত জমি (প্রায় ৩৫ কাঠা) নিয়ে নিউ গিনি প্রপার্টিজ নামক একটি বিল্ডার গোষ্ঠী এবং একজন অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার মধ্যে মালিকানাসংক্রান্ত বিরোধ চলছিল।

তিনি বলেন, ওই বিরোধপূর্ণ জমিতে রাতের আঁধারে একপক্ষ দখল করতে গেলে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের একটি টিনশেড স্টুডিও ভাঙচুরের শিকার হয়। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ৩ জনকে গ্রেপ্তার করে এবং গুলির খোসাসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

এ ঘটনায় ফেসবুক লাইভে এসে বিএনপিকে ‘চাঁদাবাজ দল’ হিসেবে অভিযোগ উত্থাপন করা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভুক্তভোগী ব্যক্তি নিজেই স্বীকার করেছেন যে তার কাছে কেউ চাদা দাবি করেনি। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা ছাড়া ঢালাও অভিযোগের কোনো আইনি ভিত্তি নেই।

ভুক্তভোগী লিখিত মামলা দায়ের করলে পুলিশ গুরুত্বের সঙ্গে পুরো বিষয়টির সুনির্দিষ্ট তদন্ত সম্পন্ন করবে।

রাজধানীর জাসদ কার্যালয় থেকে আটক ২৮০ জনের মধ্যে বেশিরভাগকেই ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বর্তমানে ২৭ জনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে।

তাদের কাছ থেকে উদ্ধারকৃত মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষা ও প্রয়োজনীয় খোঁজ-খবর নিয়ে নাশকতায় জড়িত থাকার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কাউকে অযথা হয়রানি করার উদ্দেশ্যে এই অভিযান চালানো হয়নি।

মিরপুরের শাহআলী থানা এলাকায় রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্ব অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি জানান, গত ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে সংঘটিত উক্ত ঘটনায় শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হচ্ছে।

মন্ত্রী বলেন, ঘটনাটি সরেজমিনে পর্যবেক্ষণের জন্য ডিএমপি কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছিল এবং ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ ইতিমধ্যে ৯ জন আসামিকে গ্রেপ্তারসহ বেশ কিছু মালামাল ও আলামত উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত সমস্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ককটেল বিস্ফোরণ ও রাজপথের আন্দোলন সম্পর্কিত এক নেতার সাম্প্রতিক বক্তব্যকে ‘অসংলগ্ন ও ভারসাম্যহীন’ হিসেবে আখ্যায়িত করে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিয়ে কোনো মন্তব্য না করে সার্বিক বিষয়টি মূল্যায়নের দায়িত্ব তিনি সচেতন জনগণের ওপর ছেড়ে দেন।

পুলিশ কর্মকর্তাদের নিয়মিত ও প্রশাসনিক বদলি প্রসঙ্গে মন্ত্রী বলেন, দায়িত্বে অবহেলা বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা থাকলে শুধু বদলিই শেষ পদক্ষেপ নয়। কোনো কর্মকর্তা রাষ্ট্রদ্রোহিতা বা অন্য কোনো ফৌজদারি অপরাধে জড়িত থাকলে কঠোর বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি নিয়মিত মামলায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতিপূর্বে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির বিরুদ্ধে তদন্ত, ফরেনসিক পরীক্ষা ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের ও গ্রেপ্তারের নজির উল্লেখ করে মন্ত্রী স্পষ্ট করেন যে, পুলিশ বাহিনীতে অপরাধ বরদাশত করা হবে না।

বাংলাদেশ সময়: ১৮:০৫:০৫   ৫ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


পিবিআইয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ প্রশিক্ষণ শুরু
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল
সাপ্লাই লাইন করা হয়েছে, সঠিকভাবে জ্বালানি আসছে : জ্বালানি মন্ত্রী
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, দল-মত নির্বিশেষে পদক্ষেপ নেওয়া হচ্ছে
কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আলোচনা
২০ লাখ টাকা আত্মসাৎ, নারী গ্রেপ্তার
আন্তর্দেশীয় অপরাধ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর
অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন
চীনের ইউনানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে বাংলাদেশ
আধুনিক বন্দর ও দক্ষ নাবিক গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : নৌপরিবহন মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ