নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, গ্রেপ্তার ৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, গ্রেপ্তার ৫
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬



নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জের বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান।

পুলিশ জানায়, শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—আনোয়ার হোসেন (৩২), মিজান (২৬), অনিক (২২), সুমন বেপারী (৩৮) ও রাজু আহমেদ (২৪)।

পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, গত ২৫ সেপ্টেম্বর দুপুরে বন্দরের ঢাকেশ্বরী সোনাচড়া এলাকায় একটি স্বর্ণের দোকানে ৭-৮ জনের একটি দল প্রবেশ করে।

পরে অস্ত্রের মুখে দোকানের লোকজনকে জিম্মি করে স্বর্ণালংকার, রূপার গহনা, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

তিনি বলেন, ডাকাতির ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। পরে সেই ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ বিষয়টি জানতে পারে। এরপর থানা ও গোয়েন্দা পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে।

তাদের কাছ থেকে লুট হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মতিউর রহমান জনি ওরফে ব্লাক জনি (৩৯) ও তার সহযোগী রিফাত হাসানকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

এ বিষয়ে পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, শনিবার রাতে বন্দরের ঘাড়মোড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি হাঁসের খামারের মাটির নিচে প্লাস্টিকের বস্তায় রাখা ১৬টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এ ঘটনায় জনি ও রিফাতকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, জনির বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসাসহ একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৩৯:১৯   ২ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত
শেষ মুহূর্তের নাটকীয়তায় মিয়ানমারকে হারাল কম্বোডিয়া
নন্দীপাড়ায় জিরানী খাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক
নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, গ্রেপ্তার ৫
পিবিআইয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ প্রশিক্ষণ শুরু
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল
সাপ্লাই লাইন করা হয়েছে, সঠিকভাবে জ্বালানি আসছে : জ্বালানি মন্ত্রী
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, দল-মত নির্বিশেষে পদক্ষেপ নেওয়া হচ্ছে
কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আলোচনা
২০ লাখ টাকা আত্মসাৎ, নারী গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ