স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন: নাহিদ ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন: নাহিদ ইসলাম
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬



স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন: নাহিদ ইসলাম

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর দায়িত্ব পালনে ইতিমধ্যে ব্যর্থ হয়েছেন। আমরা মনে করি, দ্রুত দেশে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে হলে সেটা এই স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে সম্ভব নয়।’

আজ সোমবার সকাল ১০টা থেকে রাজধানীর বাংলামোটরের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভা হয়। সভা শেষে বেলা সোয়া ১১টার পর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, ‘রাড্ডা সেন্টারের ঘটনায় বিএনপির সংরক্ষিত আসনের একজন সংসদ সদস্যের নাম এসেছে। এ ঘটনায় সরকারি ইন্ধন, রাষ্ট্রীয় মদদ ও দলীয় নেতা-কর্মীদের প্রত্যক্ষ মদদ ছিল। সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনাটিতেও প্রশাসন নিষ্ক্রিয় থেকেছে। এখন সেখানে ভিকটিম ব্লেমিং (ভুক্তভোগীকেই দোষারোপ) করা হচ্ছে। এ দুটি ঘটনা হয়তো সামনে এসেছে, কিন্তু সারা দেশের পরিস্থিতি এ রকমই। বিএনপি দলীয় নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না। সারা দেশে একধরনের নৈরাজ্য, দেশে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে বলে মনে হচ্ছে না।’

আওয়ামী লীগ (এখন কার্যক্রম নিষিদ্ধ) শাসনামলের মতো বিএনপির আমলেও সরকারি চাকরির প্রক্রিয়াকে রাজনৈতিক ও দলভিত্তিক করে ফেলা হচ্ছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্রায় আড়াই হাজার চাকরিপ্রার্থীকে বাদ দেওয়া হয়েছে, যাঁদের বেশির ভাগেরই কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা, সন্ত্রাসী সংগঠন বা রাষ্ট্রবিরোধী কার্যক্রম—এ ধরনের কোনো সুস্পষ্ট তথ্যপ্রমাণ নেই। পরে সবার প্রতিবাদের মুখে শিক্ষামন্ত্রী বলেছেন, তাঁদের পর্যায়ক্রমে আবার নেওয়া হবে। কোনো প্রার্থী যোগ্য হলে, তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী বা রাষ্ট্রবিরোধী কার্যক্রমের অভিযোগ না থাকলে, ভেরিফিকেশনের নামে এই হয়রানি থেকে সরকারকে সরে আসতে হবে।

সংবিধান সংশোধনে বিএনপি সরকারের করা বিশেষ কমিটিকে ‘সংস্কারবিরোধী কমিটি’ হিসেবে আখ্যা দিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সংশোধনের নামে সংস্কারের আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করার একটা চেষ্টা হচ্ছে এই কমিটি। আমরা রাষ্ট্রের কসমেটিক সার্জারি চাই না, মৌলিক সংস্কার চাই। সংস্কার প্রক্রিয়াকে এড়ানোর জন্য সংশোধন শব্দটি নিয়ে আসা হয়েছে। আমরা বলেছি, সংবিধান সংস্কার পরিষদ ছাড়া সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন এবং জনগণের সার্বভৌম অভিপ্রায় বাস্তবায়ন করা সম্ভব হবে না।

নাহিদ বলেন, সংশোধন কমিটির নামে সরকার সময়ক্ষেপণ করছে। একটা নাটক মঞ্চায়ন করা হচ্ছে, যাতে কিছু করতে না হয়। তিনি দ্রুত সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করার দাবি জানান।

বর্তমান সংসদের তৃতীয় অধিবেশনে পাস হওয়া মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ আইনকে ‘গণবিরোধী’ বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জনগণের কথা বলার অধিকারকে সংকুচিত করার জন্যই এ ধরনের আইনি প্রক্রিয়া বাস্তবায়ন করা হচ্ছে।

সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণে জনগণের আশা-আকাঙ্ক্ষা উঠে আসেনি বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশে চলমান অর্থনৈতিক সংকটে কীভাবে বিশ্ববাসীর সহযোগিতা পাওয়া যাবে, প্রধানমন্ত্রী সেটা তুলে ধরতে পারেননি বলে অভিযোগ করেন নাহিদ। জাতিসংঘ সফরে দেশের কী অর্জন হলো, সে বিষয়ে জনগণের কাছে স্পষ্ট বার্তা নেই, বলেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন দ্রুত করার দাবি জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলব, যদি ন্যূনতম আশঙ্কা তৈরি হয় যে এই নির্বাচন সুষ্ঠু হবে না, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা হবে, তাহলে আমরা জাতীয় নির্বাচনের মতো দেশের স্থিতিশীলতার কথা ভেবে বসে থাকব না।’

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, জনজীবনে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। জ্বালানিসংকট, জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘটনাকে আড়াল করতে বিভিন্ন ঘটনা সামনে নিয়ে আসা হচ্ছে কি না, সে প্রশ্ন তোলেন তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক-সদস্যসচিব ছাড়াও দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দুই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (সংসদ সদস্য) ও সারজিস আলম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সংসদ সদস্য আতিক মোজাহিদ, আবদুল্লাহ আল আমিন, মাহমুদা মিতু ও নুসরাত তাবাসসুম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব আকরাম হুসাইন ও সালেহউদ্দিন সিফাত উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১১:৪৬   ১ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি
‘বেস্ট ড্যান্সার’–এ চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেলেন রিতেশ
আরেকটি বিশ্বকাপ, আবারও চ্যাম্পিয়ন স্পেন
স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন: নাহিদ ইসলাম
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ি সাক্ষাৎ
হজ এজেন্সির ১০ কোটি টাকা আটকে দিয়েছে সৌদি আরব
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান
ফেনীতে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া চলবে ১ অক্টোবর পর্যন্ত : শিক্ষামন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ