
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টায় সদরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এর অংশ হিসেবে সদরপুর উপজেলা থেকেও ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচিতে অংশ নেন সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম খান বাবুল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল আল মামুন শাহ, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল বাশার চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোফাজ্জেল হোসেন, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান এবং সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্লা।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, উপজেলা বিএনপি ও কৃষক দলের নেতৃবৃন্দ, স্থানীয় কৃষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উদ্বোধনের সঙ্গে সঙ্গে সদরপুর উপজেলার ৭৪৭ জন কৃষক একযোগে অনলাইনে কৃষক কার্ডের সহায়তা গ্রহণ করেন।
কৃষি বিভাগের সংশ্লিষ্টরা জানান, কৃষক কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে কৃষকদের বিভিন্ন সরকারি কৃষি সেবা, কৃষি উপকরণ, প্রণোদনা, ঋণ, প্রশিক্ষণসহ নানা সুবিধার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রকৃত কৃষকদের শনাক্তকরণ এবং তাদের কাছে সরকারি কৃষি সহায়তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে।
কেন্দ্রীয় কর্মসূচির আওতায় কৃষকদের কৃষি উৎপাদন ও সংশ্লিষ্ট কার্যক্রমে সরকারি সহায়তা আরও সহজে পৌঁছে দেওয়ার পাশাপাশি কৃষকদের তথ্য একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে ভবিষ্যতে কৃষকদের প্রয়োজন অনুযায়ী সরকারি সেবা ও সহায়তা প্রদানের কার্যক্রম আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২২:৩৯:২৬ ৮ বার পঠিত