জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬



জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ

জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে আজ শুক্রবার ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উদযাপিত হচ্ছে।

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)-এর উদ্যোগে দিবসটি উদযাপনে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার, পণ্যের গুণগত মান বৃদ্ধি, উৎপাদন ব্যয় ও অপচয় হ্রাস এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জনের জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির বিকল্প নেই।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘টেকসই উদ্ভাবন, আধুনিক প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদের যথাযথ ও সমন্বিত ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ অদূর ভবিষ্যতে একটি অধিক উৎপাদনশীল, প্রতিযোগিতামূলক ও টেকসই শিল্প অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে।’

পৃথক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন, দক্ষ মানবসম্পদ ও কার্যকর ব্যবস্থাপনার সমন্বয়ে আমাদের শিল্প ও সেবা খাতকে আরো প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে হবে। এই লক্ষ্য বাস্তবায়নে সরকারি নীতিগত সহায়তার পাশাপাশি শিল্প ও সেবা খাতের সংশ্লিষ্ট সকলের সক্রিয় অংশগ্রহণ জরুরি।’

বাণীতে তিনি আরও উল্লেখ করেন, ‘ডিজিটাল অর্থনীতি, উচ্চপ্রযুক্তির কর্মসংস্থান ও দক্ষতাভিত্তিক শিক্ষায় বিনিয়োগ বাড়াতে আমরা অঙ্গীকারবদ্ধ। সরকারের লক্ষ্য হলো আগামী ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করা।’

এদিকে দিবসটি উদযাপন উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার সকালে রাজধানীর মিরপুর-১ (চিড়িয়াখানা রোড)-এর বিসিআইসি কলেজ প্রাঙ্গণে একটি র‌্যালি এবং ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি ইনোভেশন ফেয়ার’-এর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান।

বাংলাদেশ সময়: ১৬:১৩:০০   ৮৮ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি, প্রশ্ন তুলল সিপিডি
এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত
‘যখন ফাল্গুন মাস আসে, তখন মুখে বলে কুহু কুহু’
মাদকের টাকায় হাত না দিতে ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি
দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে - প্রধানমন্ত্রী
ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
আইকাওর বিশ্ব বিমান পরিবহন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ