
দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রত্যন্ত অঞ্চলের নানা বৈচিত্র্য তুলে ধরার ধারাবাহিকতায় এবার আবারও প্রচারিত হতে যাচ্ছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র জামালপুর পর্ব। মেঘালয়ঘেঁষা প্রাকৃতিক সৌন্দর্য আর নকশিকাঁথার জন্য পরিচিত সীমান্তবর্তী এই জেলাকে ঘিরে সাজানো পর্বটি পুনঃপ্রচার করা হবে আজ, ২ অক্টোবর, শুক্রবার।
বাংলাদেশ টেলিভিশনে রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে অনুষ্ঠানটি। প্রশংসিত এই পর্বে জামালপুরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পর্যটন এবং স্থানীয় মানুষের জীবনসংগ্রামের নানা চিত্র তুলে ধরা হয়েছে।
এবারের আয়োজনে রয়েছে দুটি বিশেষ গান। একটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী পান্থ কানাই ও তসিবা বেগম।
অন্য গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন জামালপুরের সন্তান রাজিব ও সিঁথি সাহা। গানটির সঙ্গে স্থানীয় বাঙালি ও গারো শিল্পীদের নৃত্য পরিবেশনা আয়োজনটিকে করেছে আরও প্রাণবন্ত।
‘ইত্যাদি’র নিয়মিত আয়োজন দর্শকপর্বেও এবার গুরুত্ব পেয়েছে জামালপুর। প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকদের মধ্য থেকে নির্বাচন করা হয় চারজনকে।
পরবর্তী পর্বে তাঁরা জামালপুরের চার কালজয়ী সাংস্কৃতিক ব্যক্তিত্বের স্মরণে তাঁদের বিখ্যাত চারটি গানের অংশবিশেষ পরিবেশন করেন।
জেলার ঐতিহ্যবাহী খাবার ‘মিল্লি বা পিঠালি’, প্রাচীন ‘তুলসীপুর ঘোড়ার হাট’ এবং নদীভাঙন ও বাল্যবিবাহের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রয়েছে তথ্যবহুল প্রতিবেদন। পাশাপাশি জামালপুরে জন্ম নেওয়া চারজন কালজয়ী গুণী ব্যক্তিত্বের অবদানও গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে এই আয়োজনে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ শারীরিক প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়া বাপ্পী-ওসনাই দম্পতির জীবনসংগ্রামের গল্প। তাঁদের অদম্য মনোবল ও ঘুরে দাঁড়ানোর কাহিনি তুলে ধরার পাশাপাশি অনুষ্ঠানের পক্ষ থেকে দম্পতিকে দেওয়া হয় দুই লাখ টাকার আর্থিক সহায়তা।
এ ছাড়া বিদেশি প্রতিবেদনে উঠে এসেছে চীনের প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির নগরী সুঝৌর চিত্র। থাকছে কাশেম টিভির সাংবাদিক ও নাতির জমজমাট আড্ডা, চিঠিপত্র বিভাগ এবং সামাজিক অসংগতি ও সমসাময়িক নানা বিষয় নিয়ে তীক্ষ্ণ ও তীর্যক নাট্যাংশ।
বরাবরের মতো অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ‘ইত্যাদি’র জামালপুর পর্বের পুনঃপ্রচার করা হবে কেয়া কসমেটিকসের সৌজন্যে।
বাংলাদেশ সময়: ১৬:১৭:৩৫ ৬ বার পঠিত