একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা

প্রথম পাতা » ছবি গ্যালারী » একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬



একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা

হলিউড তারকা টম ক্রুজকে পর্দায় এবার দেখা যাবে একেবারেই ভিন্ন লুকে। ধূসর-সাদা চুল, বড় ভুঁড়ি, মুখভর্তি বলিরেখা—চেনা সেই অ্যাকশন হিরোর সঙ্গে যার কোনো মিল নেই।

শুধু চেহারায় নয়, চরিত্রেও রয়েছে বড় ধরনের পরিবর্তন। আলেহান্দ্রো জি. ইনারিতুর নতুন সিনেমা ‘ডিগার’-এ এমনই এক ব্যতিক্রমী রূপে হাজির হচ্ছেন টম ক্রুজ।

ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে নির্মিত সিনেমাটি আজ শুক্রবার (২ অক্টোবর) বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। একই দিনে বাংলাদেশের দর্শকরাও সিনেমাটি দেখতে পারবেন স্টার সিনেপ্লেক্সে।

শুধু ‘ডিগার’ নয়, একই দিনে প্রেক্ষাগৃহটিতে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত ‘রেসিডেন্ট ইভিল’ সিরিজের নতুন সিনেমাটিও।

বদলে গেলেন টম ক্রুজ

টম ক্রুজ বলতেই দর্শকের চোখে ভেসে ওঠে সুদর্শন এক নায়ক, দুর্ধর্ষ সব অ্যাকশন দৃশ্য আর অসম্ভব সব স্টান্ট। ‘মিশন : ইম্পসিবল’ সিরিজের ইথান হান্ট চরিত্রে বয়সকে যেন পাত্তাই দেননি এই তারকা। কিন্তু ‘ডিগার’-এ সেই পরিচিত ইমেজ পুরোপুরি ভেঙে দিয়েছেন তিনি।

সিনেমাটির ট্রেলারে ধূসর-সাদা চুল, বাড়তি ওজন, বলিরেখায় ভরা মুখ এবং অদ্ভুত শরীরী ভাষায় দেখা গেছে টম ক্রুজকে। তার চরিত্রের কথাবার্তা ও আচরণেও রয়েছে ব্যঙ্গাত্মক আবহ। ফলে ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটি নিয়ে শুরু হয়েছে আলোচনা।

দুইবারের অস্কারজয়ী মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতু পরিচালিত ‘ডিগার’ মূলত একটি কালো হাস্যরসের সিনেমা। তবে হাসি ও ব্যঙ্গের আড়ালে এতে উঠে এসেছে জলবায়ুসংকট, করপোরেট লোভ, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার এবং মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন।

‘ডিগার’ নিয়ে আগ্রহের বড় একটি কারণ টম ক্রুজের এই অভাবনীয় রূপান্তর। ‘টপ গান’ কিংবা ‘মিশন : ইম্পসিবল’-এর আত্মবিশ্বাসী ও অদম্য নায়কের বিপরীতে এখানে তাকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন এক মানুষ হিসেবে। চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তুলতে পোশাক, মেকআপ, দাঁতের গঠন, হাঁটার ধরন এমনকি সংগীতের ছন্দ নিয়েও নির্মাতার সঙ্গে বিস্তারিত কাজ করেছেন টম ক্রুজ।

তার মতে, একটি চরিত্র শুধু সংলাপ দিয়ে তৈরি হয় না; চরিত্রের প্রতিটি দৃশ্যমান উপাদানও গল্প বলার অংশ হয়ে ওঠে।

ইনারিতুও টম ক্রুজের অভিনয়ের প্রশংসা করেছেন। তার মতে, দর্শক ক্রুজকে বহুবার ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যে দেখেছেন। কিন্তু ‘ডিগার’-এ তার অভিনয় সম্পূর্ণ অন্য ধরনের নির্ভীকতার পরিচয় দেয়।

ফিরছে ‘রেসিডেন্ট ইভিল’

হরর ও সারভাইভাল ঘরানার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘রেসিডেন্ট ইভিল’-এর নতুন সিনেমাটিও মুক্তি পাচ্ছে একই দিনে। জাপানি ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ক্যাপকমের জনপ্রিয় ভিডিও গেম সিরিজ অবলম্বনে প্রায় দুই যুগ আগে হলিউডে শুরু হয়েছিল এই ফ্র্যাঞ্চাইজির যাত্রা। ২০০২ সালে মুক্তি পায় সিরিজের প্রথম সিনেমা। পল ডব্লিউ. এস. অ্যান্ডারসন পরিচালিত ওই ছবিতে অভিনয় করেন মিলা জোভোভিচ। পরবর্তী সময়ে এটি সাতটি সিনেমার সফল ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়।

২০২১ সালে ‘রেসিডেন্ট ইভিল : ওয়েলকাম টু র‍্যাকুন সিটি’ নামে সিরিজটি নতুনভাবে শুরু করা হয়। এবার পাঁচ বছর পর আসছে আরেকটি নতুন সিনেমা। জ্যাক ক্রেগার পরিচালিত এবারের ছবির নামও ‘রেসিডেন্ট ইভিল’। এটি আগের সিনেমাগুলোর সরাসরি সিক্যুয়াল নয়; বরং ভিডিও গেমের আবহ ও সারভাইভাল হরর ধারণাকে নতুনভাবে তুলে ধরা একটি রিবুট। সিনেমাটিতে অভিনয় করেছেন অস্টিন আব্রামস, জ্যাক চেরি, কলি রেইস, পল ওয়াল্টারসহ আরো অনেকে।

বাংলাদেশ সময়: ১৬:১৬:২১   ৬ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
জামালপুরের অজানা গল্প নিয়ে আবারও পর্দায় ‘ইত্যাদি’
একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী
জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ