![]()
৫ আগস্টের পর মুরুব্বিরাও আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারেনি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, বিগত ২০ বছর যারা ক্ষমতায় ছিলেন, তাদের জনগণের ওপর আস্থা ছিল না; বরং তারা মুরুব্বিদের ওপর নির্ভর করেই ক্ষমতায় থাকার চেষ্টা করেছেন।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টায় দিনাজপুর সরকারি কলেজের হলরুমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রংপুর বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘মুরুব্বিরা’ যত দিন তাদের ক্ষমতায় রাখতে পারবেন, তত দিনই ক্ষমতায় থাকবেন—এমন ধারণা ছিল তাদের। কিন্তু ৫ আগস্টের পর সেই মুরুব্বিরাও আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারেনি। এরপর তারা সেই মুরুব্বিদের কাছেই আশ্রয় নিয়েছে।
শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, বিগত ২০ বছর যারা ক্ষমতায় ছিলেন, তারা বিভিন্নভাবে দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন চাননি। কারণ, দেশের মানুষের ওপর তাদের আস্থা ছিল না। তরুণ প্রজন্মকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে গতানুগতিক শিক্ষার বাইরে গিয়ে জীবনমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না।
তাদের খেলাধুলা, প্রযুক্তি, ভাষা শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণের সঙ্গে যুক্ত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান হবে মানুষ তৈরির ক্যাম্পাস, দলবাজির ক্যাম্পাস নয়। শিক্ষার্থীদের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে।
তরুণদের সঠিকভাবে গড়ে তুলতে খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়ার পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দেন সমাজকল্যাণমন্ত্রী। একই সঙ্গে আনন্দঘন পরিবেশে শিক্ষা নিশ্চিত করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে যুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় রংপুর বিভাগের বিভিন্ন কলেজের জেলা পর্যায়ে প্রথম স্থান ও স্বর্ণপদক পাওয়া ১ হাজার ১৫৪ জন শিক্ষার্থী-অ্যাথলেট অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ৭৫৪ জন ছাত্র ও ৪০০ জন ছাত্রী।
ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি, সাঁতার ও অ্যাথলেটিকসসহ মোট ৭২টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা আগামী ৬ অক্টোবর ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে। বিভাগীয় পর্যায়ে বিভিন্ন ইভেন্টে প্রথম হয়ে স্বর্ণপদক অর্জনকারীরা পরবর্তী সময়ে জাতীয় পর্যায়ের চূড়ান্ত ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়া খাতে সরকার ব্যাপক পদক্ষেপ নিয়েছে। এগুলো সাময়িক কোনো পদক্ষেপ নয়; দীর্ঘদিনের গবেষণা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভিত্তিতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিভাবান খেলোয়াড়দের ধরে রাখতে ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম রাউন্ডও সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, প্রতিটি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ এবং উপজেলায় স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। খেলাধুলার সুযোগ বাড়ানোর মাধ্যমে তরুণদের সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব হবে।
তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর গত সাত মাসে তরুণদের দক্ষতা বৃদ্ধিতে দুটি প্রশিক্ষণ সেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। তিন মাসের প্রশিক্ষণ নিয়ে অংশগ্রহণকারীরা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হচ্ছেন। কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সবাইকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুগঠিত করতে ক্রীড়াঙ্গনের ভূমিকার বিকল্প নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের সবচেয়ে বড় শিক্ষাপরিবার। এই বিশাল যুবশক্তিকে শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ না রেখে খেলার মাঠে যুক্ত করাই লক্ষ্য, যাতে তারা ভবিষ্যতের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে পারে।
অনুষ্ঠানে দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ, অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তরের পরিচালক মো. জসিম উদ্দিন, মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ কামাল হাছান, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, পুলিশ সুপার মো. জেদান আল মুসাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম অনুষ্ঠান সঞ্চালনা করেন।
উদ্বোধনী আয়োজনকে ঘিরে দিনাজপুর সরকারি কলেজ মাঠে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ ছিল। বিভিন্ন কলেজের শিক্ষার্থী-অ্যাথলেট, শিক্ষক ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো মাঠ।
বাংলাদেশ সময়: ১৭:০০:৩৫ ১২ বার পঠিত