
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেছেন, সাম্য ও মানবতার বাংলাদেশ গড়তে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, চেতনা ও দর্শন ধারণ করতে হবে।
আজ সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, চেতনা ও সৃষ্টিকে শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, নজরুল শুধু একজন কবি নন, তিনি অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্মে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার যে বার্তা রয়েছে, তা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। বিশেষ করে মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে নজরুল চর্চা আরও বিস্তৃত করা প্রয়োজন।
প্রতিমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর লেখনী ও সৃষ্টির মাধ্যমে শোষণ, বঞ্চনা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্ম মানুষকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হতে অনুপ্রাণিত করে। নজরুলের জীবন ও দর্শন থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেম, সাম্য ও মানবতার চেতনায় গড়ে তুলতে হবে।
তিনি বলেন, মাদরাসার শিক্ষার্থীদের মধ্যেও নজরুলের সাহিত্য, সংগীত ও চিন্তাধারার চর্চা বাড়াতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সাংস্কৃতিক ও সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের মেধা, মনন ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী এবং ট্রেজারার শাহিনুল ইসলাম।
এছাড়া কামিল (স্নাতকোত্তর) শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. গোলাম রব্বানী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন অধ্যাপক ড. আ. হ. ম. নুরুল ইসলাম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এ কে মুহা. নুরুল ইসলাম, মাদরাসা পরিদর্শক অধ্যাপক ড. হুসাইন আহমাদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. নওসের আলী, পরীক্ষা নিয়ন্ত্রক ড. ওয়ালিউর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) আবু বকর সিদ্দিক, উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী এবং উপ-পরিচালক জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত মাদরাসার অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল ও কামিল মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশব্যাপী পাঁচটি ক্যাটাগরিতে প্রতিযোগিতার আয়োজন করা হয়। হামদ-নাত, নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন বিষয়ে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে জাতীয় পর্যায়ে উত্তীর্ণ ১৫ জন বিজয়ী শিক্ষার্থীকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। এ আয়োজনের মধ্য দিয়ে মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবির সাহিত্য, সংগীত ও জীবনদর্শনের চর্চা সম্প্রসারণের পাশাপাশি তাঁদের সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:২৯:০২ ৪ বার পঠিত #বাংলাদেশ