চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬



চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

যাত্রীসেবা বাড়াতে চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম রেল স্টেশনে এই ট্রেন সেবার উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
এখন থেকে প্রতিদিন চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই জনগণের স্বস্তি নিশ্চিত করা ও মানুষের জীবনযাত্রা আরও সহজ করার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, সড়কে যানজট কমানো ও মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে রেল যোগাযোগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে কমিউটার ট্রেন চালুর ফলে সাধারণ যাত্রীরা সহজে ও স্বল্প খরচে যাতায়াতের সুযোগ পাবেন। এতে সড়কের ওপর চাপ কমার পাশাপাশি জনদুর্ভোগও অনেকটা লাঘব হবে।
তিনি বলেন, জনগণের দৈনন্দিন ভোগান্তি কমিয়ে জীবনযাত্রাকে স্বস্তিদায়ক করাই সরকারের মূল লক্ষ্য।

চট্টগ্রাম থেকে নাজিরহাট পর্যন্ত রেলপথের দূরত্ব ৩৭ কিলোমিটার। রেলওয়ের নিয়মে ৫০ কিলোমিটার পর্যন্ত লোকাল ট্রেনের ভাড়া ১২ টাকা। কমিউটার হিসাবে চালু হওয়ায় ট্রেনটির উঠা-নামার ন্যূনতম ভাড়া এখন ২০ টাকা। এ কমিউটার ট্রেনে থাকবে সাতটি কোচ। যার মধ্যে পাঁচটি শোভন শ্রেণির। যাত্রী ধারণ ক্ষমতা হবে সব মিলিয়ে ৩৩৪।

এতদিন লোকাল ট্রেন হিসেবে চলাচল করায় ট্রেনটিতে পাওয়ার কার ছিল না। ফলে বৈদ্যুতিক ফ্যান ও লাইটের ব্যবস্থাও ছিল না। কমিউটারের বৈদ্যুতিক সুবিধা ছাড়াও টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে।

ট্রেনটি নাজিরহাট কমিউটার ১, ২, ৩ ও ৪ নামে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ৪ বার উভয় পথে যাত্রী পরিবহন করবে।

সকাল ৬টায় নাজিরহাট থেকে ছেড়ে ট্রেনটি চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৭টা ৩৫ মিনিটে। পরে চট্টগ্রাম থেকে সকাল ৮টা ৩০ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সকাল ১০টা ১০ মিনিটে।

অন্য ট্রেনটি নাজিরহাট থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ১২টা ১০ মিনিটে। আর চট্টগ্রাম থেকে বিকেল ৫টা ৪৫ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম ও প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমানসহ রেল কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্রেনটি চলাচল করবে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পর্যন্ত। ফটিকছড়ি উপজেলা কৃষি পণ্য, চা ও রাবার বাগানের জন্য প্রসিদ্ধ। ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলাটির বাসিন্দারা এই ট্রেনের মাধ্যমে চট্টগ্রাম শহরে যাতায়াত করেন।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর গত সেপ্টেম্বরে জাতীয় সংসদে এ রুটে নিয়মিত ট্রেন চলাচল নিশ্চিত করার দাবি জানান।

একই সঙ্গে নাজিরহাট থেকে ফটিকছড়ির ভূজপুর, নারায়ণহাট, দাঁতমারা, হেঁয়াকো ও বাগানবাজার হয়ে সীমান্তবর্তী রামগড় পর্যন্ত রেলপথ সম্প্রসারণের দাবি আছে স্থানীয়দের।

বাংলাদেশ সময়: ১৭:২৯:৪৫   ২৮ বার পঠিত  







চট্টগ্রাম’র আরও খবর


চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত
পরাজিত শক্তি বিশৃঙ্খলার চেষ্টা করলে রাজপথে প্রতিরোধ করা হবে: ভূমি প্রতিমন্ত্রী
আমরা সবাই বাংলাদেশি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই : ধর্ম প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: ক্রীড়া প্রতিমন্ত্রী
জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : মীর হেলাল
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯

News 2 Narayanganj News Archive

আর্কাইভ