
দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার সব উপজেলা ও ইউনিয়নে একযোগে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের তত্ত্বাবধান ও নির্দেশনায় জেলার সব উপজেলা ও ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বাস্তবায়নে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়।
অভিযানে অফিস চত্বর, আঙিনা, ড্রেন, ফুলের টব ও বিভিন্ন পরিত্যক্ত স্থানে জমে থাকা পানি অপসারণ করা হয়। পাশাপাশি মশক নিধনে ওষুধ ছিটানো এবং সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করা হয়।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার মাধ্যমেই আমরা ডেঙ্গু প্রতিরোধ করতে পারি।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। আমরা চাই প্রতিটি বাড়িঘর ও অফিস-আদালত পরিচ্ছন্ন থাকুক। কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে। ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
অভিযানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
বাংলাদেশ সময়: ২৩:৪৪:৩১ ১৭ বার পঠিত