
কালকিনি প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে পোস্ট মাস্টার মরহুম আঃ সামাদ সরদারের রেকর্ডীয় সম্পত্তি জালিয়াতি করে আত্মসাৎ, ক্রয়কৃত জমিতে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার, প্রকৃত ওয়ারিশ ও জমি ক্রয়কারী পক্ষ।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে কালকিনি মডেল প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কুয়েত প্রবাসী আব্দুল আলীম প্রশাসন ও সরকারের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ১৯৫৪ সালে সামাদ সরদারের মৃত্যুর পর তার পালক পুত্র লাল মিয়া তৎকালীন ভূমি জরিপে নিজেকে ঔরসজাত সন্তান পরিচয় দিয়ে জালিয়াতির মাধ্যমে খতিয়ানে নাম তোলে এবং পরবর্তীতে হেবা দলিলের মাধ্যমে সম্পত্তি হস্তগত করে। বিষয়টি নিয়ে পরবর্তীতে আদালত ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে জালিয়াতি প্রমাণিত হয়। আদালত লাল মিয়ার ওয়ারিশ সাইদুল কবীর মুকুলসহ অন্যদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
ভুক্তভোগীদের অভিযোগ, সাজা হওয়ার পরও প্রতিপক্ষের হয়রানি থামেনি। সামাদ সরদারের প্রকৃত উত্তরসূরিদের কাছ থেকে কেনা ১৯.৩৬ শতাংশ জমির ক্রেতা ও স্বত্বাধিকারীদের কাছে লাল মিয়ার ওয়ারিশরা ৫০ লাখ টাকা চাঁদা দাবি করছে। চাঁদা না পেয়ে তারা পেশিশক্তি ব্যবহার করে জমি দখলের অপচেষ্টা চালাচ্ছ এবং গণমাধ্যমে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। একাধিক স্থানীয় সালিশ অমান্য করায় বাধ্য হয়ে সঠিক তথ্য প্রকাশ ও ন্যায়বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কুয়েত প্রবাসী আব্দুল আলীম, তার স্ত্রী তানিয়া খানম এবং প্রতিবেশী খায়রুল বাসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪:৫৪:২০ ২৪ বার পঠিত