শিশুশ্রম নিরসনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিশুশ্রম নিরসনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের
রবিবার, ৪ অক্টোবর ২০২৬



শিশুশ্রম নিরসনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের

শিশুশ্রম নিরসনে বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আজ রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে চাইল্ড লেবার ইলিমিনেশন প্লাটফর্ম (ক্লেপ)-এর সহযোগিতায় উন্নয়ন সংস্থা ‘অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট’ (এএসডি) আয়োজিত ‘শিশুশ্রম নিরসনে আমাদের করণীয়’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এএসডির নির্বাহী পরিচালক এম এ করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে ডেপুটি স্পিকার বলেন, দেশে অনেক ভালো আইন থাকলেও এর যথাযথ প্রয়োগের অভাব রয়েছে। আইনের প্রয়োগ নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। বিশেষ করে প্রভাবশালীদের অপরাধের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।

ডেপুটি স্পিকার বলেন, রাজনৈতিক নেতা বা মন্ত্রীদের পাশাপাশি সরকারের নির্বাহী বিভাগের কর্মকর্তা-কর্মচারীদেরও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। জনগণের করের টাকায় যারা বেতন পান, তাদের কর্মকাণ্ডের যথাযথ তদারকি থাকতে হবে। একটি কাঙ্ক্ষিত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাহী বিভাগের কাজের গঠনমূলক সমালোচনা ও কার্যকর তদারকি প্রয়োজন।

পথশিশুদের বিষয়ে ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী পথশিশুদের দাওয়াত দিয়ে খাইয়েছেন। এর মাধ্যমে তিনি দেখিয়েছেন যে পথশিশুরাও একটি সুন্দর জীবনের দাবিদার। পর্যায়ক্রমে তাদের রাস্তা থেকে ঘরে ফেরানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। আমরা বাংলাদেশে একজন মানবিক প্রধানমন্ত্রী পেয়েছি। এ ধরনের মানবিক উদ্যোগকে যেন রাজনীতিকরণ করা না হয়, সে আহ্বানও জানান তিনি।

ডেপুটি স্পিকার বলেন, ‘আসুন, আমরা সবাই একসঙ্গে কাজ করে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলি।’ তিনি ১৪ বছরের কম বয়সী কোনো শিশুকে গৃহকর্মে নিয়োগ না করার জন্য সবাইকে শপথ নেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, শিশুদের স্বার্থে প্রয়োজন হলে মহান সংসদে বিদ্যমান আইন সংশোধন কিংবা নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।

সংলাপে বিশেষ অতিথি বক্তব্য রাখেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল এবং সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন, আন্না মিনজ ও শওকত আরা আক্তার।

এএসডির অ্যাডভোকেসি অ্যান্ড রিসার্চ কো-অর্ডিনেটর সৈয়দ শাহিনুর রহমানের সঞ্চালনায় সংলাপে আরও বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের উপপরিচালক এম. রবিউল ইসলাম, চাইল্ড লেবার ইলিমিনেশন প্লাটফর্ম (ক্লেপ)-এর সদস্য এ কে এম মাকসুদ, আইএলওর জাতীয় প্রকল্প সমন্বয়কারী সৈয়দা মুনিরা সুলতানা, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক পাবলো নেরুদা, শাপলা নীড় বাংলাদেশের মাহফুজা পারভীন, এএসডির কর্মসূচি পরিচালক লুৎফুন নাহার কান্তা, প্রকল্প ব্যবস্থাপক ইউ কে এম ফারহানা সুলতানা এবং স্ক্যানের সহ-সভাপতি আফতাবুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে সিভিল সোসাইটির প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি, মানবাধিকারকর্মী, সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:৪৩   ২০ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ