
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার পশ্চিম খুপিবাড়ি এলাকায় সামাজিক শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের যৌথ উদ্যোগে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে আয়োজিত এই অভিযানে অনৈতিক ও সন্দেহভাজন বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকার সামাজিক পরিবেশ শান্ত, নিরাপদ ও মাদকমুক্ত রাখতে মুরুব্বি ও তরুণরা এক হয়ে এই প্রতিরোধ গড়ে তোলেন। অপরাধ ও সমাজবিরোধী কর্মকাণ্ড রুখতে ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক সামাজিক অভিযান আরও জোরালোভাবে অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।
এলাকার সামাজিক পরিবেশ ও নিরাপত্তা সুরক্ষায় সাধারণ মানুষের এমন সময়োপযোগী ও দায়িত্বশীল পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর সদর থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সমাজ থেকে অপরাধ ও মাদক নির্মূল করতে হলে সর্বস্তরের জনগণকে নিয়ে এভাবেই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে।
বাংলাদেশ সময়: ১৭:৪১:৫২ ৩৩ বার পঠিত