মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা

প্রথম পাতা » খেলাধুলা » চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬



চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা

আগামী শিক্ষাবর্ষ থেকে খেলাধুলাবিষয়ক পাঠ্যপুস্তক সংযোজনে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, চতুর্থ শ্রেণি থেকে এ সংক্রান্ত কার্যক্রম শুরু করা হবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নবনির্মিত ক্রিকেট একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ লক্ষ্যে দেশের প্রতিটি ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ এবং শহরের ওয়ার্ড পর্যায়ে ফুটসাল বা ছোট মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের লক্ষ্য তুলে ধরে আমিনুল হক বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় কেবল অংশগ্রহণই নয়, বাংলাদেশ এখন সরাসরি পদকের জন্য লড়তে চায়।

আগামী পাঁচ বছরের মধ্যে অলিম্পিক, এশিয়ান ও কমনওয়েলথ গেমসের মতো বড় আসরে শক্তিশালী অবস্থান তৈরির লক্ষ্যে দীর্ঘমেয়াদি প্রস্তুতি ও বছরব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, নতুন অবকাঠামো নির্মাণের আগে বিদ্যমান মাঠ ও স্টেডিয়ামগুলোকে সর্বোচ্চ ব্যবহারোপযোগী করাই সরকারের প্রধান লক্ষ্য। দেশের সব জেলা স্টেডিয়ামকে স্বয়ংসম্পূর্ণ করতে একটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বর্তমানে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নসহ প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

এ প্রকল্পের আওতায় প্রতিটি জেলা স্টেডিয়ামে পূর্ণাঙ্গ গ্যালারি, আধুনিক ড্রেসিং রুম ও প্রেস বক্সসহ যাবতীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

শুধু ফুটবল বা ক্রিকেট নয়, বরং সাঁতার, ভলিবল, টেবিল টেনিস, দাবা, আর্চারি, শুটিং ও হকির মতো বিভিন্ন ডিসিপ্লিনের অনুশীলনের সুযোগও তৈরি করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

বেদখলে থাকা খেলার মাঠগুলো উদ্ধারে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে আমিনুল হক বলেন, মৌলভীবাজারের রেলওয়ে মাঠসহ সারা দেশে অবৈধভাবে দখল হয়ে থাকা মাঠগুলো দ্রুত দখলমুক্ত করে খেলাধুলার উপযোগী করতে জেলা ও উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমির ড্রেসিং রুমসহ বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন। অনুষ্ঠান শেষে শ্রীমঙ্গলে মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে প্রস্তাবিত জায়গাও সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সরফরাজ আহমদ সরফু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:৪০   ৭ বার পঠিত