শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে কবি-সাংবাদিক এনামুল হক প্রিন্সের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে কবি-সাংবাদিক এনামুল হক প্রিন্সের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬



নারায়ণগঞ্জে কবি-সাংবাদিক এনামুল হক প্রিন্সের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: প্রয়াত কবি, সাংবাদিক ও সংগঠক এনামুল হক প্রিন্সের স্মরণে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হলো আবেগঘন স্মরণসভা, কবিতা আবৃত্তি ও দোয়া মাহফিল।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা লাইব্রেরি এবং নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির যৌথ আয়োজনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিলেন জার্নালিস্ট ইউনিটির সভাপতি শফিকুল ইসলাম আরজু ও সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রয়াত প্রিন্সের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তার লেখা কবিতা আবৃত্তি, স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সিনিয়র সহ-সভাপতি কাজী আনিসুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাব্যছন্দ পাঠাগারের সাধারণ সম্পাদক আবুল কালাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। প্রধান আলোচক ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা।

এছাড়া উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহীম, কবি-সাংবাদিক সাজ্জাদ আহমেদ খোকন, ডা. গাজী খায়রুজ্জামান, কবি ও শিক্ষক কামাল সিদ্দিক, জাদুশিল্পী কবির প্রধান, সম্মিলিত নাট্যকর্মী জোটের সভাপতি মাসুমুল হক সোহেল, কবি রঞ্জিত মোদক ও সাংবাদিক আবুল হোসেনসহ সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা।

স্মরণসভায় বক্তারা বলেন, কবি ও সাংবাদিক এনামুল হক প্রিন্স তার স্বল্প জীবনে শত শত সম্মাননা স্মারক, ক্রেস্ট ও সনদ অর্জন করেছিলেন। যা এখন অযত্নে নষ্ট হওয়ার পথে। তাই তার স্মৃতি ধরে রাখতে পরিবারের কাছে একটি সংরক্ষিত কক্ষ বা প্রিন্স কর্নার গড়ে তোলার জোর দাবি জানান বক্তারা, যেখানে তার অর্জিত সম্মাননাগুলো সাজিয়ে রাখা হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। বক্তাদের এই আবেদনে পরিবারের পক্ষ থেকে সম্মতি জানানো হয়েছে এবং একটি কক্ষ দেওয়ার সম্মতি প্রকাশ করেছেন।

প্রধান অতিথি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, প্রিন্স ছিল একাধারে কবি, সাংবাদিক ও সংগঠক। তার অকাল প্রয়াণে নারায়ণগঞ্জের সাহিত্য ও সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়।

প্রধান আলোচক ড. ফজলুল হক রুমন রেজা বলেন, এনামুল হক প্রিন্স ছিলেন তারুণ্যের প্রতীক। একজন প্রিন্স চলে গেছে, কিন্তু তার রেখে যাওয়া কর্ম আমাদের পথ দেখাবে।

অনুষ্ঠান শেষে বক্তারা প্রয়াত প্রিন্সের নামে স্মৃতি পদক ও সাহিত্য পুরস্কার চালুর দাবি জানান এবং তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ২০:৫৫:৪৪   ৭ বার পঠিত