সোমবার, ১২ অক্টোবর ২০২৬

কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ

প্রথম পাতা » খুলনা » কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
সোমবার, ১২ অক্টোবর ২০২৬



কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ

জেলায় শারদীয় দুর্গাপূজা ও বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস একই সময়ে অনুষ্ঠিত হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

জেলার ২৫৭টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে নেওয়া হচ্ছে বিশেষ পদক্ষেপ।

এছাড়াও জেলা প্রশাসনের বিশেষ বরাদ্দ থেকে পূজামণ্ডপগুলোতে ইতিমধ্যে ৬০০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

স্থানীয় সরকারের উপ পরিচালক মাহাবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ।

সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি লালন শাহের তিরোধান দিবস ও দুর্গাপূজাকে ঘিরে জনসমাগমের বিষয়টি বিবেচনায় নিয়ে নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ ও সার্বিক ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন এবং নির্বিঘ্নে পূজা উদযাপনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সময়ে লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে ছেঁউড়িয়ায় বিপুলসংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা থাকায় সার্বিক নিরাপত্তা ও যানবাহন চলাচল ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সভায় জানানো হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি আনসার, এসআরবি ও সাদাপোশাকে দায়িত্বরত সদস্যদের সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, পূজা উদযাপন সংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:৫৪   ৬ বার পঠিত