
জেলায় ৩১টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৯ লাখ ৬১ হাজার ৪০০ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ সোমবার দুপুর ১২ টায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে সমিতির প্রতিনিধিদের মাঝে এ অনুদানের চেক হস্তান্তর করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপারের প্রতিনিধি পরিদর্শক মো. শাখাওয়াত হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলারা খানম।
মহিলা বিষয়ক অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঝালকাঠি জেলার তিনটি উপজেলায় নিবন্ধিত ৩১টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির অনুকূলে সাধারণ অনুদান হিসেবে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এরমধ্যে ২২টি সমিতিকে ৩৪ হাজার ৭০০ টাকা করে এবং ৮টি সমিতিকে ২২ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
অনুদানের মাধ্যমে স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর কার্যক্রম পরিচালনা ও নারী উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে সহায়তা হবে বলে আশা করেন আয়োজকরা।
বাংলাদেশ সময়: ১৬:৪১:৩২ ৬ বার পঠিত