
রাজধানীতে জেলা প্রশাসনের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। ঢাকা জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ অ্যাপে নাগরিকদের করা অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার দিনব্যাপী এ অভিযান চালানো হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা প্রশাসন সূত্র জানায়, ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। রাজধানীর সাঁতারকুল, শাহ আলী থানা এলাকা এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ–সংলগ্ন এলাকায় পৃথক তিনটি অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনাররা (ভূমি)।
সাঁতারকুল এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন তেজগাঁও রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাসুদ পারভেজ। সেখান থেকে মাদক সেবনরত অবস্থায় দুজনকে হাতেনাতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সাজা ও জরিমানা করা হয়।
মিরপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদ সরদারের নেতৃত্বে শাহ আলী থানা ও এর আশপাশের এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ–সংলগ্ন এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) তানজিলা জান্নাত রেটিনা। সেখানে তিনি তিনজনকে আটক করে আইন অনুযায়ী কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ঢাকা জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে সাধারণ নাগরিকেরা সরাসরি জনদুর্ভোগ, এলাকার সমস্যা ও নানা অনিয়মের অভিযোগ জানাতে পারেন। সেই অ্যাপে আসা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই মাদকবিরোধী অভিযান চালানো হয়। যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:২৫:৫৭ ৬ বার পঠিত