

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে চুরি, ছিনতাই, ডাকাতি এবং মাদকের প্রকোপ। একের পর এক অপরাধমূলক ঘটনায় সর্বস্বান্ত হচ্ছেন সাধারণ মানুষ। অপরাধের প্রতিবাদ করতে গিয়ে কেউ গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন, আবার কেউ হারিয়েছেন তাজা প্রাণ। কিন্তু এসব ঘটনার প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দিয়েও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় বিচার ব্যবস্থার ওপর থেকে দিন দিন আস্থা হারাচ্ছেন ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কোনো জোরালো পদক্ষেপ দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের প্রশ্ন—প্রতি মাসে উপজেলা প্রশাসনের আয়োজনে নিয়মিত আইনশৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত হয়। যেখানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সাংবাদিকরা অংশ নেন। এত বড় বড় ব্যক্তিবর্গের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হওয়ার পরও কেন থামছে না অপরাধ প্রবণতা?
ভুক্তভোগী ও সচেতন মহলের ক্ষোভ, তবে কি এই নিয়মিত আইনশৃঙ্খলা মিটিং কেবল ‘নাস্তা খাওয়া আর লোকদেখানো আলোচনা’য় সীমাবদ্ধ হয়ে পড়েছে? বাস্তবে কি এর কোনো সুফল সাধারণ মানুষ পাবে না ?
নাম প্রকাশে অনিচ্ছুক একজন আইনশৃঙ্খলা কমিটির সদস্য আক্ষেপ করে বলেন, এই কমিটির আলোচনা আছে কিন্তু বাস্তবায়ন নাই। শুধু নাস্তা খাওয়া আর আসা যাওয়া। যার ধরুন আজ আর আইনশৃঙ্খলা মিটিং এ অংশগ্রহণ করিনি।
এ অবস্থায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে উপজেলার প্রতিটি এলাকায় পুলিশি টহল জোরদার, চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অপরাধীদের গ্রেফতার এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সরিষাবাড়ীর সর্বস্তরের ক্ষতিগ্রস্ত জনতা।
বাংলাদেশ সময়: ১৫:৩৩:২৮ ১৩৯ বার পঠিত