![]()
শুধু ডিগ্রি অর্জন নয়, নারীদের কর্মজীবনে প্রবেশ এবং দীর্ঘ বিরতির পর আবারও কাজে ফেরার সুযোগ তৈরি করতে হবে। নারীদের সক্ষমতা ও স্বাবলম্বিতাই হবে আগামীর অর্থনৈতিক ভিত্তি বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
ডা. জুবাইদা রহমান বলেন, ‘মাধ্যমিক স্তরেই প্রায় ৩৫ শতাংশ মেয়ে ঝরে পড়ছে, যা নারীর স্থায়ী অর্থনৈতিক ভিত্তিকে দুর্বল করছে।’
দেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এখনও মূলধারার অর্থনীতির বাইরে রয়ে গেছে জানিয়ে তিনি বলেন, ‘নারীর ক্ষমতায়নে শুধু শিক্ষার সুযোগ নিশ্চিত করাই যথেষ্ট নয়, প্রয়োজন শিক্ষা থেকে কর্মসংস্থান এবং নেতৃত্বের পর্যায় পর্যন্ত ধারাবাহিক সহযোগিতা।’
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার স্নাতক পর্যন্ত নারী ও মেয়েদের বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি নারীদের বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন ও নেতৃত্বের দক্ষতা বিকাশেও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬:২২:১৬ ৯ বার পঠিত #আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স #জিয়াউর রহমান ফাউন্ডেশন #ডা. জুবাইদা রহমান #নারীর কর্মসংস্থান