চ্যাম্পিয়ন্স লিগে লেঁসের জালে কোমোর ৯ গোল

প্রথম পাতা » খেলাধুলা » চ্যাম্পিয়ন্স লিগে লেঁসের জালে কোমোর ৯ গোল
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬



চ্যাম্পিয়ন্স লিগে লেঁসের জালে কোমোর ৯ গোল

আধুনিক চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ডে ভাগ বসিয়েছে ইতালির ক্লাব কোমো। বুধবার ফ্রান্সের মাঠে স্বাগতিক লেঁসকে ৯-১ গোলে উড়িয়ে দিয়েছে সেস ফ্যাব্রেগাসের দল।

গ্রিসের স্ট্রাইকার আনাস্তাসিওস দুভিকাস হ্যাটট্রিক করেছেন। এ জয়ে চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে চার ম্যাচে তৃতীয় জয় তুলে নিয়েছে সিরি আ-র দলটি।

১৯৯২ সালে আধুনিক উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চালুর পর মাত্র দুটি দল আট গোলের ব্যবধানে ম্যাচ জিতেছিল।

২০০৭ সালে গ্রুপ পর্বে বেসিকতাসকে ৮-০ গোলে হারিয়েছিল লিভারপুল। ২০১৫ সালে মালমোর বিপক্ষেও একই ব্যবধানে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এক ম্যাচে নয় গোল করা দ্বিতীয় দল কোমো। এর আগে ২০২৪ সালে লিগ পর্বে দিনামো জাগরেবকে ৯-২ গোলে হারিয়েছিল বায়ার্ন মিউনিখ।

পরিসংখ্যান সংস্থা অপ্টার তথ্য অনুযায়ী, ইউরোপিয়ান কাপের পুরোনো আসরে ১৯৭১ সালে অলিম্পিয়াকোসের বিপক্ষে ফেইনুর্ডের পর এবারই প্রথম কোনো দল প্রতিপক্ষের মাঠে নয় গোল করল।

ম্যাচের সপ্তম মিনিটে পোস্টেও কাছ থেকে গোল করে কোমোকে এগিয়ে দেন দুভিকাস। প্রথমার্ধের আধা ঘণ্টা পেরোনোর পর দারুণ এক দলীয় আক্রমন শেষে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

আর্জেন্টাইন তারকা নিকো পাজের গোলে বিরতির আগে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় কোমো। তবে ফ্রান্সের উত্তরাঞ্চলের স্তাদ বলার-দেলেলিসে দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠে সফরকারীরা।

পাজের পাস থেকে ফরাসি মিডফিল্ডার লুকাস দা কুনহা দলের হয়ে চতুর্থ গোলটি করেন। এরপর মার্ক-অলিভার কেম্পফ হেডে পঞ্চম গোল করার পর হ্যাটট্রিক পূর্ণ করেন দুভিকাস।

বদলি হিসেবে নামা মাত্তিয়া লিবেরালি কিছুক্ষণ পরই কোমোর সপ্তম গোলটি করেন। পরে দুর্দান্ত এক ভলিতে লেঁসের হয়ে ব্যবধান কমান রুবেন আগুইলার।

৬৯তম মিনিটে কোমোর অষ্টম গোলটি করেন মার্টিন বাতুরিনা। এরপর আরও একটি গোল হজম করা থেকে কোনোমতে রক্ষা পায় লেঁস। শেষ দিকে মাত্তেও পাপাচ্চিওলি গোল করে সফরকারীদের অবিশ্বাস্য রাতটিকে আরও স্মরণীয় করে তোলেন।

উয়েফার ওয়েবসাইটে প্রকাশিত মন্তব্যে ফ্যাব্রেগাস বলেন, “আজকের রাত থেকে আমাদের নেওয়ার মতো ইতিবাচক বিষয় ছাড়া আর কিছুই নেই। সবকিছুই আমাদের পক্ষে গেছে।”

গত মৌসুমে সিরি আ-তে চতুর্থ হয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করে কোমো। চলতি আসরে ঘরের মাঠে আরবি লিপজিগ ও ম্যানচেস্টার ইউনাইটেডকে এরই মধ্যে ৪-১ গোলে হারিয়েছে তারা।

চার ম্যাচে নয় পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সামগ্রিক পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে কোমো। শীর্ষে থাকা পিএসজি ও রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্ট এবং তৃতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে তারা।

অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় হারের স্বাদ পেয়েছে লেঁস। এটি ফ্রান্সের কোনো ক্লাবের চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বড় ব্যবধানের হার।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৫৩   ২ বার পঠিত  







খেলাধুলা’র আরও খবর


চ্যাম্পিয়ন্স লিগে লেঁসের জালে কোমোর ৯ গোল
উজ্জীবিত ফেনেরবাচের সাথে পারলো না লিভারপুল
ভালভার্দের দুর্দান্ত গোলে এথেন্সে শেষ মুহূর্তে রিয়ালের জয়
এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ
লিভারপুলের চাপ সামলে প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল
পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র
এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি
জাতীয় যুব দিবস কাল, উদযাপনে দেশজুড়ে কর্মসূচি : ১৪ জন পাচ্ছে জাতীয় পুরস্কার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ