উজ্জীবিত ফেনেরবাচের সাথে পারলো না লিভারপুল

প্রথম পাতা » খেলাধুলা » উজ্জীবিত ফেনেরবাচের সাথে পারলো না লিভারপুল
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬



উজ্জীবিত ফেনেরবাচের সাথে পারলো না লিভারপুল

সাবেক ক্লাব লিভারপুলকে হারিয়ে চমক দেখালেন ফেনেরবাচের কোচ ডার্ক কুইট। বুধবার ইস্তাম্বুলে দুইবার পিছিয়ে পড়েও ৩-২ গোলের দারুণ জয় তুলে নিয়েছে ফেনেরবাচে। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে তুরস্কের ক্লাবটি।

আন্দোনি ইরাওলার অধীনে ইউরোপীয় প্রতিযোগিতায় নিজেদের প্রথম তিন ম্যাচেই জিতেছিল লিভারপুল। তবে রক্ষণভাগের দুর্বলতার খেসারত দিয়ে অপ্রত্যাশিত হারের মুখে পড়ে তারা।

লিভারপুলের হয়ে ট্রে নিয়নি ও বদলি হিসেবে নামা আলেকজান্ডার ইসাক দুইবার দলকে এগিয়ে নেন।

কিন্তু শেষ পর্যন্ত ইস্তাম্বুলে আবারও হারের স্বাদ পেতে হয় ইংলিশ ক্লাবটিকে। ফেনেরবাচের হয়ে মেসন গ্রিনউড ও আর্চি ব্রাউন সমতা ফেরানোর পর জয়সূচক গোলটি করেন ভেদাত মুরিকি।

গত সপ্তাহে ইসমাইল কার্তাল পদত্যাগ করার পর ফেনেরবাচের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেন কুইট। অ্যানফিল্ডে খেলোয়াড় হিসেবে ছয় বছর কাটানো সাবেক এই ডাচ তারকা বুধবার দ্বিতীয় ম্যাচে দলের দায়িত্ব পালন করেন।

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম তিন ম্যাচ থেকে মাত্র দুই পয়েন্ট পাওয়া ফেনেরবাচে লিভারপুলের রক্ষণভাগের দুর্বলতার পূর্ণ সদ্ব্যবহার করে।

চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের টানা তিন জয়ের সুবাদে রোববার আর্সেনালের কাছে ১-০ গোলে হারের ম্যাচ থেকে একাদশে পাঁচটি পরিবর্তন আনেন ইরাওলা। ইসাক ও ফ্লোরিয়ান রিটজকে শুরুতে না খেলানোর সিদ্ধান্ত নেন তিনি।

একাদশে জায়গা ধরে রাখা নিয়নি আরেকটি ভালো পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে লিভারপুলের হয়ে নিজের প্রথম গোলটি করেন। ডোমিনিক সোবোসলাইয়ের ক্রস ফেনেরবাচের খেলোয়াড়েরা ঠিকমতো ক্লিয়ার করতে না পারলে বক্সের বাইরে থেকে লক্ষ্যভেদ করেন তিনি।

তবে মাত্র চার মিনিট পরই সমতায় ফেরে স্বাগতিকরা। গ্রিনউডের ফ্রি-কিক অ্যালিসন বেকারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়।

ম্যাচের এক ঘণ্টা পেরোনোর পর জয়সূচক গোলের আশায় ইসাক, রিটজ ও কোডি গাকপোকে বদলি হিসেবে মাঠে নামান ইরাওলা। প্রায় সঙ্গে সঙ্গেই সুফল পায় লিভারপুল।

গাকপোর ক্রস থেকে হেডে গোল করে দলকে আবারও এগিয়ে দেন ইসাক। তবে সেই লিডও বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সফরকারীরা।

গাকপোর পায়ে লেগে বল দিক পরিবর্তন হয়ে অ্যালিসনকে পরাস্ত কওে সহজেই বল জালে পাঠান ব্রাউন।

এরপর জেরেমি জাকেকে শারীরিক শক্তিতে পরাস্ত করে উঁচু হয়ে আসা ক্রসে হেডে নিচের কোণে বল পাঠান মুরিকি। চার ম্যাচে এটি ছিল চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের ১০ম গোল হজমের ঘটনা।

এই হারে চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা পিএসজির সমান পয়েন্ট অর্জনের সুযোগ হারিয়েছে লিভারপুল।

এই জয়ে ৩৬ দলের পয়েন্ট তালিকায় ১৯তম স্থানে উঠে এসেছে ফেনেরবাচে।

পয়েন্ট তালিকার শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোতে জায়গা পাবে। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফে অংশ নেবে।

বাংলাদেশ সময়: ১৬:৪২:০৯   ২ বার পঠিত  







খেলাধুলা’র আরও খবর


চ্যাম্পিয়ন্স লিগে লেঁসের জালে কোমোর ৯ গোল
উজ্জীবিত ফেনেরবাচের সাথে পারলো না লিভারপুল
ভালভার্দের দুর্দান্ত গোলে এথেন্সে শেষ মুহূর্তে রিয়ালের জয়
এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ
লিভারপুলের চাপ সামলে প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল
পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র
এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি
জাতীয় যুব দিবস কাল, উদযাপনে দেশজুড়ে কর্মসূচি : ১৪ জন পাচ্ছে জাতীয় পুরস্কার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ