
দূরপাল্লার দুর্দান্ত এক শটে গোল করে বুধবার চ্যাম্পিয়ন্স লিগে এইকে এথেন্সের বিপক্ষে রিয়াল মাদ্রিদকে শেষ মুহূর্তে ৩-২ গোলের জয় উপহার দিয়েছেন ফেদেরিকো ভালভার্দে। একই সঙ্গে প্রতিযোগিতায় শতভাগ জয়ের ধারাও ধরে রেখেছে স্প্যানিশ জায়ান্টরা।
গ্রিসের চ্যাম্পিয়নদের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ায় হোসে মরিনিওর দল। শেষ পর্যন্ত ভালভার্দের গোলে পূর্ণ তিন পয়েন্ট পায় তারা। লিগ পর্বে চার ম্যাচের সব কটিতে জিতে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির সঙ্গে সমান অবস্থানে রয়েছে রিয়াল।
১২ মিনিটে আবুবাকারি কোইতার গোলে এগিয়ে যায় এইকে। দারুণ এক ফ্লিকের মাধ্যমে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নদের সমতায় ফেরান জুড বেলিংহ্যাম। ম্যাচ শেষ হতে ১৫ মিনিট বাকি থাকতে গ্রিক চ্যাম্পিয়নদের আবার এগিয়ে দেন স্তাভরোস পিলিওস। দ্রুতই সমতাসূচক গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এরপর ভালভার্দের শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত হয় রিয়ালের।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা এই মিডফিল্ডারকে কী নির্দেশনা দিয়েছিলেন, সেটি ব্যাখ্যা করেন মরিনিও। তিনি বলেন, ‘আমি তাকে বলেছিলাম, ম্যাচটি তখন উন্মুক্ত হয়ে গেছে, খেলা হচ্ছে অনেক দ্রুতগতিতে… ফেদের মতো একজন সতেজ খেলোয়াড়, যার অনেকটা জায়গাজুড়ে খেলার সামর্থ্য আছে, তাকে বলেছিলাম ফাঁকা জায়গায় আক্রমণ করতে এবং বিপজ্জনক এলাকায় পৌঁছাতে।’
মরিনিও বলেন, ‘আমরা জয়ের জন্য লড়াই করেছি। স্কোর ২-২ থাকার পরও আমরা সন্তুষ্ট হইনি। ওই ফলও গ্রহণযোগ্য হতো। আমাদের পয়েন্ট হতো ১০। কিন্তু আমরা আরও বেশি চেয়েছিলাম।’
লা লিগায় নিষেধাজ্ঞার কারণে দলের আগের দুই ম্যাচে খেলতে না পারা ভিনিসিয়াস জুনিয়রকে বাঁ প্রান্তে রেখে একাদশ সাজান মরিনিও।
আগিয়া সোফিয়া স্টেডিয়ামে শুরু থেকেই দারুণ উদ্যম দেখায় স্বাগতিকরা। তাদের দ্রুতই এগিয়ে যাওয়াটা খুব একটা বিস্ময়কর ছিল না।
সাবেক রিয়াল স্ট্রাইকার লুকা ইয়োভিচের শট দারুণভাবে ঠেকান রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া। তবে এরপরই কোইতার গোলে এগিয়ে যায় এইকে।
মোরিতানিয়ার এই উইঙ্গার মার্ক কুকুরেয়াকে কাটিয়ে ভেতরে ঢুকে কাছের পোস্ট দিয়ে জোরালো শটে বল জালে পাঠান। এরপর ইয়োভিচের আরেকটি শট ঠেকান বেলজিয়ান গোলরক্ষক। নিজেদের দুর্দান্ত শুরুর ফায়দা তোলার চেষ্টা করছিল এএইকে।
তবে একপর্যায়ে ক্লান্ত হয়ে পড়ে স্বাগতিকরা। আর এই সুযোগে গ্রিসের রাজধানীতে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে রিয়াল।
কিলিয়ান এমবাপ্পের শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এরপর কাছ থেকে গোল করলেও অফসাইডের কারণে বাতিল হয় বেলিংহ্যামের গোল। তবে কিছুক্ষণ পর আবার গোল করেন ইংলিশ মিডফিল্ডার। এবার আর গোলটি বাতিল করার সুযোগ ছিল না। কুকুরেয়ার নিচু ক্রস থেকে দুর্দান্ত ফ্লিকে গোল করেন বেলিংহ্যাম।
দ্বিতীয়ার্ধেও শুরুতে দূরপাল্লার শটে ব্রিগনোলিকে পরীক্ষা করেন এডার মিলিতাও। এরপর দারুণভাবে বল আটকে কুকুরেয়াকে গোল করতে দেননি লাজারোস রোটা।
ভিনিসিয়াস র উঁচু করে বল বাড়িয়ে দিলে গোলের সুযোগ পেয়েছিলেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। তবে এইকের রক্ষণভাগ তাঁর শট আটকে দেয়।
৭৫ মিনিটে আবারও এগিয়ে যায় এইকে। দুর্দান্ত খেলা কোইতা আলতো করে বল বাড়িয়ে দেন পিলিওসের দিকে। আলবেনিয়ার এই ফুটবলার কাছ থেকে শট নিয়ে কোর্তোয়ার দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান।
সঙ্গে সঙ্গেই জবাব দেয় রিয়াল। ডান প্রান্ত দিয়ে ডেনজেল ডামফ্রাইসকে বল বাড়িয়ে দেন বেলিংহ্যাম। নেদারল্যান্ডসের এই ডিফেন্ডার ছয় গজ বক্সের ওপর দিয়ে নিচু ক্রস পাঠান। এবার আর ভুল করেননি এমবাপ্পে।
চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে চার ম্যাচে এটি এমবাপ্পের চতুর্থ গোল। প্রতিটি ম্যাচেই একটি করে গোল করেছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাঁর ১৬তম গোল।
খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে বদলি হিসেবে নামা এন্দ্রিক এমবাপ্পেকে গোলের সুযোগ তৈরি করে দেন। তবে ব্রিগনোলি অবিশ্বাস্য সেভ করে তাঁর শট ক্রসবারে ঠেকিয়ে দেন।
তিন পয়েন্টের আশা ছাড়েননি ভালভার্দে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্রিগনোলিকে পরাস্ত করে জোরালো শটে বল জালে পাঠান তিনি। তাতে শতভাগ জয়ের ধারা অক্ষুন্ন থাকে রিয়ালের।
ম্যাচ শেষে আপত্তিকর আচরণের অভিযোগে বদলি হয়ে মাঠ ছাড়া কোইতাকে লাল কার্ড দেখানো হয়।
বাংলাদেশ সময়: ১৬:৪০:৫০ ৩ বার পঠিত