
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার (৭ নভেম্বর) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত চারজন হলেন—ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২৩), তাদের আট মাস বয়সী শিশুকন্যা রিফা এবং শওকত হাসান লিখন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যাত্রীবাহী একটি অটোরিকশাটি জামালপুর-দেওয়ানগঞ্জ সড়ক ধরে যাওয়ার সময় বুরুঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক সেটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজন নিহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন এবং আহত দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ২২:৪৪:১৩ ৩ বার পঠিত