
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে ডিলারদের বিরুদ্ধে। দোকান বা গুদাম ছাড়াই পণ্য বিতরণ, ওজনে কম দেওয়া, ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ আদায় এবং তদারকির অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের উপকারভোগীরা।
শনিবার (৭ নভেম্বর) সরেজমিনে ও স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে। টিসিবি কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী নিজস্ব বা ভাড়ায় চালিত স্থায়ী দোকান কিংবা গুদাম থাকার কথা থাকলেও অনেক ডিলারের তা নেই। যত্রতত্র অস্থায়ীভাবে পণ্য বিতরণ করায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এছাড়াও নির্ধারিত ওজনের চেয়ে প্যাকেজে চিনি ও ডাল ওজনে কম দেওয়া হচ্ছে এবং প্যাকেজ মূল্যের বাইরে জোরপূর্বক ব্যাগের দাম আদায়েরও অভিযোগ রয়েছে।
টিসিবির বিক্রয় কেন্দ্রগুলোতে গিয়ে দেখা গেছে, দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের উপস্থিতি ছাড়াই পণ্য বিতরণ করা হচ্ছে। তাছাড়াও প্রয়োজনীয় তথ্যসংবলিত ব্যানার না থাকায় সঠিক মূল্য ও পরিমাণ জানতে পারছেন না সাধারণ মানুষ।
আরও দেখা গেছে,কিছু ডিলার টিসিবির নিয়মনীতি উপেক্ষা করে তথ্য গোপন করেছে। আসলে তারা আর্থিকভাবে সচ্ছল এবং মুদি ব্যবসার সঙ্গে যুক্ত নন—এমন ব্যক্তিরাও ডিলারশিপ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগের বিষয়ে মেসার্স জাহান এন্টারপ্রাইজের প্রোপাইটার জগলু জানান, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি ও ২ কেজি লবণের প্যাকেজ বাবদ ৪৪০ টাকা নেওয়া হচ্ছে এবং সবাই নিচ্ছে বিধায় তিনিও নিচ্ছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা জানান, প্রশাসন ও সংশ্লিষ্ট টিসিবি কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে কোনো ডিলার নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ আদায় করলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
সচেতন মহলের দাবি, দ্রুত তদন্ত সাপেক্ষে এসব অনিয়মের সঙ্গে জড়িত ডিলারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিয়মিত তদারকি জোরদার করা হোক।
বাংলাদেশ সময়: ২২:৫২:৪৩ ৪ বার পঠিত