
পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাসপোর্ট ইস্যু করার কোনো আইনগত সুযোগ নেই। দেশে আসতে চাইলে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে আসতে হবে বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর আর্টিকেল ৬-এ বলা হয়েছে, কোনো আসামি দণ্ডিত হলে এবং পাসপোর্টের জন্য আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে তিনি দণ্ডপ্রাপ্ত হয়ে থাকলে, আর সেই দণ্ডের মেয়াদ ন্যূনতম দুই বছর হলে পাসপোর্ট কর্তৃপক্ষ তার অনুকূলে কোনো পাসপোর্ট ইস্যু করবে না। একইভাবে আর্টিকেল ৭-এ বলা হয়েছে, কোনো ব্যক্তি মোরাল টারপিটিউডের কারণে দণ্ডিত হলে তার পাসপোর্ট জব্দ অথবা বাতিল করা যেতে পারে।
চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত। এই মানবতাবিরোধী অপরাধকে মোরাল টারপিটিউড বলা হয়। সংগত কারণে বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করেছে এবং আইন অনুযায়ী কোনো দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট ইস্যু করার এখতিয়ার কর্তৃপক্ষের নেই।
সাংবিধানিক দিক তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, একজন সাধারণ নাগরিকের বাংলাদেশ থেকে বাইরে যাওয়ার অধিকার আছে এবং বাংলাদেশের বাইরের কোনো রাষ্ট্র থেকে দেশে প্রবেশের অধিকারও আছে। আমাদের সংবিধান নাগরিককে সে অধিকার দিয়েছে। কিন্তু সংবিধানের এই অধিকার কখনোই কোনো দণ্ডিত ব্যক্তি বা পলাতক ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেখানে শেখ হাসিনা দণ্ডপ্রাপ্তির আগ থেকেই পলাতক জীবনযাপন করছেন। তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং আনুষঙ্গিক অন্যান্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তার মামলাগুলো মোকাবেলার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, কিন্তু তিনি তা এড়িয়ে গেছেন।
চিফ প্রসিকিউটর আরও বলেন, শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে বিচারাধীন মামলা এড়িয়ে গেছেন। রায় প্রকাশিত হওয়ার পর তিনি কোনো আপিল করেননি। তার আপিল দাখিলের আর কোনো আইনগত সুযোগ নেই। তাহলে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশ সরকার কীভাবে পাসপোর্ট ইস্যু করবে? একজন দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস ইস্যু করা হলে তা বিচারের সঙ্গে মকারি করার শামিল হবে। আইন পরিষ্কারভাবে বলেছে, ন্যূনতম দুই বছরের সাজা হলেই তাকে আর পাসপোর্ট দেওয়া যাবে না। অতএব, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাসপোর্ট ইস্যু করার কোনো আইনগত সুযোগ নেই।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, শেখ হাসিনার এপ্রোচের প্রেক্ষিতে মানবিক কারণে তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে। শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে আমার মনে হয় সেটি ভারত সরকারকেই লিখিতভাবে তাকে বলতে হবে। কিন্তু আজ পর্যন্ত তিনি ভারত সরকারের কাছে লিখিতভাবে কিছু বলেছেন বলে আমাদের জানা নেই। আমাদের সন্দেহ হচ্ছে, কিংবা এটি বলতে আমাদের দ্বিধা নেই যে, শেখ হাসিনার কখনোই সত্যিকার অর্থে বাংলাদেশে আসার কোনো সদিচ্ছা নেই। যদি তার বাংলাদেশে আসার সদিচ্ছা থাকত, তাহলে তিনি মামলা চলমান অবস্থায় এসে মামলা মোকাবিলা করতেন। রায় প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে বাংলাদেশে এসে আপিল করতেন। শেখ হাসিনা বাংলাদেশে আসবেন না এবং আইনগতভাবে তার আসার কোনো সুযোগ নেই। যদি আসতে চান, তাহলে তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় আসতে হবে। তার আসা নিয়ে এখন যেসব তৎপরতা চলছে, তা তার রাজনৈতিক স্ট্যান্টবাজি।
চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ২০২৫ সালের ১৭ নভেম্বর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালের দেওয়া রায়ে এই মামলায় আসামি থেকে ‘রাজসাক্ষী’ হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ঐতিহাসিক এই রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশের পাশাপাশি শহীদদের পরিবার এবং আহতদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।
বাংলাদেশ সময়: ১৬:৫৬:৩৭ ২ বার পঠিত #আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল #পাসপোর্ট ইস্যু #মো. আমিনুল ইসলাম #শেখ হাসিনা